১০টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার ও শাপলাপুর সড়কের ২০টি বেইলি সেতুর মধ্যে ১০টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এসব সেতুর ওপর প্রায়ই দুর্ঘটনা ঘটছে।ঝুঁকিপূর্ণ ১০টি সেতুর মধ্যে পাঁচটি এলজিইডির অধীন এবং বাকিগুলো সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের।স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোরকঘাটা-জনতাবাজার ও শাপলাপুর সড়কের ২০টি ছোট-বড় কালভার্টের মধ্যে ১০টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে গিয়ে পথচারীরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। কিন্তু এসব ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এ ছাড়া গোরকঘাটা-জনতাবাজার সড়কের ২৭ কিলোমিটারের মধ্যে প্রায় ১০ কিলোমিটারে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।সরেজমিনে দেখা যায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া, খোরশাপাড়া, বড়ছড়া, কেরুনতলী, কালালিয়াকাটা, পানিরছড়া, কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালীর আপজলিয়াপাড়া ও শাপলাপুর ইউনিয়নের দীনেশপুর এলাকার ছোট-বড় ১০টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এসব সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এ ছাড়া গোরকঘাটা-জনতাবাজার সড়কের মধ্যে হোয়ানকের ধলঘাটপাড়া, পানিরছড়া, কেরুনতলী বাজারের দুটি অংশ, ছনখোলাপাড়া ও কালারমারছড়া এলাকার মাইজপাড়া এলাকায় সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। গাড়ির চালক মনির হোসেন বলেন, অনেক সময় সেতুর ওপর গাড়ি উল্টে যায়। তাঁরা মৃত্যুর ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন। চাঁদের গাড়ির চালক আমির হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে পারাপার করতে গিয়ে গত নভেম্বর মাসে গাড়ি উল্টে গিয়ে দুই শতাধিক লোকজন আহত হয়েছেন।কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেন, কালভার্ট ও সড়ক ভেঙে যাওয়ায় উপজেলার লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। কিন্তু সড়ক সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, গত বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশাপাশি অনেক বেইলি সেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। তিনি বলেন, ভেঙে যাওয়া সেতু ও সড়ক সংস্কারের জন্য জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় অনেকবার উত্থাপন করা হলেও কোনো কাজ হয়নি।উপজেলা প্রকৌশলী মোশাররেফ হোসেন বলেন, তাঁদের অধীন ঝুঁকিপূর্ণ পাঁচটি বেইলি সেতু সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সওজের নির্বাহী প্রকৌশলী মোহামঞ্চদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ পাঁচটি বেইলি সেতু ভেঙে পুনর্নির্মাণের জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কয়েক দিনের মধ্যে নির্মাণকাজ শুরু করা হবে। তিনি বলেন, ভেঙে যাওয়া সড়কের সংস্কারের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।