১০টি বেইলি সেতু বেহাল ঝুঁকি নিয়ে চলছে যান
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের প্রায় সব বেইলি সেতু বেহাল। ওই সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা বলছেন, যেকোনো মুহূর্তে সেতু ভেঙে গিয়ে সড়ক যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।
বারইয়ারহাট-খাগড়াছড়ি ৯২ কিলোমিটার সড়কে ১০টি বেইলি সেতু রয়েছে। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সেগুলো বেহাল। এর মধ্যে করেরহাটে তিনটি, বালুটিলায় দুটি, তুলাতলী, ভাঙ্গা টাওয়ার, কয়লা বাজার ও বাগান বাজারে একটি করে মোট নয়টি সেতুর অবস্থা বেশি খারাপ।
বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বাসচালক নুরুল ইসলাম ও তিন পার্বত্য শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, নড়বড়ে এসব সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজার হাজার যাত্রী। ছোট-বড় কয়েক হাজার গাড়ি ঝুঁকি নিয়ে কাঠ, বাঁশ, বালুসহ বিভিন্ন ধরনের পণ্য বহন করছে। যা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তাঁরা বলেন, লোহার পুল ও কয়লা বেইলি সেতু যেকোনো সময় ভেঙে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
করেরহাটের বাসিন্দা ও মিরসরাই নৃতাত্ত্বিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হরি ত্রিপুরা বলেন, লোকজন প্রতিদিন অজানা আতঙ্ক নিয়ে ওই সড়ক দিয়ে যাতায়াত করে। ২০০৭ সালে একটি যাত্রীবাহী বাস লোহারপুল থেকে প্রায় ২০০ ফুট নিচে পড়ে ১২ জন নিহত হয়। এরপর কর্তৃপক্ষ সেতুর পাশে সাইনবোর্ড লাগিয়ে পাঁচ টনের অধিক ওজনের গাড়ি চলাচল নিষিদ্ধ করে। বর্তমানে কর্তৃপক্ষের লাগানো সেই সাইনবোর্ডটি নেই। যে কারণে ট্রাকচালকেরা মাত্রাতিরিক্ত ওজনের পণ্য বহন করছেন। তাই যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বেইলি সেতুর দুরবস্থার কথা স্বীকার করেছেন।