১০টি বেওয়ারিশ লাশ দাফন হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইন কবরস্থানে পানি জমেছে। এতে লাশ দাফন করা যাচ্ছে না। তাই মাটি ফেলে জায়গা উঁচু করা হচ্ছে। ছবিটি গতকাল তোলা। ছবি: প্রথম আলো
রাজধানীর জুরাইন কবরস্থানে পানি জমেছে। এতে লাশ দাফন করা যাচ্ছে না। তাই মাটি ফেলে জায়গা উঁচু করা হচ্ছে। ছবিটি গতকাল তোলা। ছবি: প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা ২৫টি বেওয়ারিশ লাশের মধ্যে ১০টি জুরাইন কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাবে আঞ্জুমান মুফিদুল ইসলাম। আজ রোববার সকালে লাশগুলো নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মর্গের ইনচার্জ সেকেন্দার হোসেন জানান, আজ আঞ্জুমান মুফিদুল ইসলাম দাফনের জন্য ১০টি লাশ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

আজ প্রথম আলোর রাজধানী পাতায় ‘কবরস্থানে পানি, ২৫ অজ্ঞাত লাশ ২০ দিন ধরে মর্গে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের মর্গে ২৫টি বেওয়ারিশ বা অজ্ঞাত লাশে পচন ধরেছে। মর্গের যে কর্মীরা প্রতিনিয়ত পচাগলা লাশ দেখে অভ্যস্ত, তাঁরাও লাশের এ দশা আর সহ্য করতে পারছেন না। বৃষ্টিতে জুরাইন কবরস্থানে পানি জমায় লাশগুলো দাফন করা যাচ্ছে না।

রাজধানীতে আইনি প্রক্রিয়া মেনে বেওয়ারিশ লাশের দাফনের দায়িত্ব নেয় আঞ্জুমান মুফিদুল ইসলাম। আর একমাত্র জুরাইন কবরস্থানে এই লাশগুলো দাফন করা হয়। গতকাল জুরাইন কবরস্থানে দেখা যায় মাটি ফেলে কবরস্থান উঁচু করা হচ্ছে। কবরস্থানের স্থানে স্থানে পানি জমে আছে। এ অবস্থায় কবরস্থান কর্তৃপক্ষ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছ থেকে লাশ নিয়ে দাফন করতে পারছিল না। ২০ দিনেরও বেশি সময় ধরে এ অবস্থা চলছিল। ফলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে বেওয়ারিশ লাশ জমে যায়।