
প্রবল বর্ষণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ১২ কিলোমিটারের মধ্যে ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ধসের ঝুঁকিতে রয়েছে এসব স্থান। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ গাছের খুঁটি ও মাটির বস্তা দিয়ে সাময়িকভাবে ধস ঠেকানোর চেষ্টা করছে। ২১ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কে যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাকসহ সব ধরনের যান চলাচল করে।
সওজ বিভাগের কর্মকর্তা ও গাড়িচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেকোনো একটি জায়গায় সড়ক ধসে পড়লে খাগড়াছড়ি শহর ও রাঙামাটির দুই উপজেলার সঙ্গে দীঘিনালার যোগাযোগ বন্ধ হয়ে যাবে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, দীঘিনালা উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বের ভৈরফা অটলটিলা এলাকায় তিনটি স্থানে সড়কের পাশের মাটি ভেঙে পড়েছে। সড়কের পাশ ঘেঁষে প্রায় ১৫০ ফুটের খাদ। তিনটি স্থানেই গাছের খুঁটি গেড়ে মাটির বস্তা দেওয়া হয়েছে। ভৈরফা অটলটিলা থেকে চার কিলোমিটার দূরত্বের আটমাইল এলাকায় চারটি স্থানে ভাঙন দেখা গেছে। এসব স্থানে সড়কের পাশের প্রতিরোধ দেয়াল ভেঙে পড়ে গেছে খাদে। সেখানেই ধস ঠেকাতে বস্তা দেওয়া হয়েছে। এ ছাড়া আটমাইল থেকে দু-তিন কিলোমিটার দূরের ছয় ও পাঁচমাইল এলাকার তিন স্থানে ভেঙে পড়েছে সড়কের পাশ।
ছয়মাইল এলাকায় দেখা যায়, পাঁচ শ্রমিক সড়কের দুই স্থানে বস্তায় মাটি ভরে ভাঙনকবলিত স্থানে দিচ্ছেন। তাঁদের একজন শ্রমিক আসলাম উদ্দিন। তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে ভেঙে যাওয়া বিভিন্ন স্থানে গাছের খুঁটি দিয়ে মাটির বস্তা দেওয়া হচ্ছে। আরও কয়েক দিন কাজ চলবে।
দীঘিনালা-খাগড়াছড়ি রুটের বাসচালক মনির হোসেন ও মিন্টু মিয়া প্রথম আলোকে বলেন, সড়কটির প্রস্থ এমনিতে কম (১৮ফুট)। ভাঙনকবলিত স্থান পার হওয়ার সময় এখন গাড়ির গতি কমে যাচ্ছে। অনেক সময় এসব স্থানে মুখোমুখি হয়ে যাচ্ছে গাড়ি। সড়ক ধসে পড়লে এসব স্থানে বিকল্প সড়ক তৈরি করার মতো জায়গা নেই।
পার্বত্য জেলা ট্রাক মিনি ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক কে এম ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, সড়কটির বিভিন্ন স্থানে ধসের ঝুঁকি রয়েছে। এখন যেভাবে খুঁটি ও মাটির বস্তা দিয়ে ধস ঠেকানোর চেষ্টা করা হচ্ছে তা টিকে থাকবে না। ভারী বৃষ্টি হলে আবারও তা ধসে পড়বে।
এ ব্যাপারে সওজ বিভাগের খাগড়াছড়ির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১০টি স্থানে গাছের খুঁটি ও মাটির বস্তা দিয়ে সাময়িকভাবে ধস ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এসব স্থানে ইটের ধারক দেয়াল দিয়ে ধস রোধ সম্ভব হবে। স্থায়ীভাবে ধস রোধ করার জন্য আরসিসির (রড, সিমেন্ট, কংক্রিট) দেয়াল নির্মাণ করা প্রয়োজন। এ জন্য রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সড়কের বিষয়টি পর্যালোচনা করে প্রধান কার্যালয় নতুন নকশা তৈরি করছে। সম্ভবত নতুন নকশায় সড়কের ধস রোধে ধারক দেয়াল নির্মাণ করা হবে।