১০টি স্থাপনা উচ্ছেদ, অভিযান চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুড়িল-পূর্বাচল লিংক রোডের দুই পাশে ১০০ ফুট খাল খননের প্রকল্পের খিলক্ষেত অংশে রাজউকের উচ্ছেদ কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খিলক্ষেত অংশের রেস্তোরাঁ, বসতবাড়িসহ ১০টির মতো স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

এই প্রকল্পের রাজউক অংশের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম জানান, প্রকল্পের দুই পাশের অংশে এ রকম দেড় শতাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এগুলো উচ্ছেদ করা হবে।

এই উচ্ছেদ কার্যক্রম গতকাল বুধবার শুরু হয়। শুরুর দিনে বসুন্ধরা কনভেনশন সিটির একাংশের দেয়ালসহ আরও ২০টির মতো স্থাপনা ভেঙে ফেলা হয়।

গত ৮ জুলাই রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে বালু নদ পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ের (৩০০ ফুট) দুই পাশে ১০০ ফুট চওড়া খাল খননের কাজ শুরু হয়। এই খালের দৈর্ঘ্য হবে ১৩ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। খরচ হবে ৫ হাজার ২৮৬ কোটি টাকা। এর মধ্যে ৯০ একর ভূমি অধিগ্রহণে ব্যয় হচ্ছে ৪ হাজার ৩৩৪ কোটি টাকা। অধিগ্রহণের কাজ এর মধ্যেই শেষ হয়েছে। এই হিসাবে, প্রতি শতক জমির দাম পড়েছে ৪৮ লাখ টাকার বেশি।

রাজধানীর ৩০০ ফিট সড়কের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর ৩০০ ফিট সড়কের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বর্ষা মৌসুমে ঢাকার নিকুঞ্জ, বারিধারা, জোয়ারসাহারা, ডিওএইচএস, সেনানিবাস, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাঁদপুরসহ বিস্তীর্ণ এলাকায় তৈরি হওয়া জলাবদ্ধতা নিরসনের এই প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। প্রকল্পে ১০০ ফুট খাল ছাড়াও প্রায় সাড়ে ১৩ কিলোমিটার সড়ক, ৩৯ কিলোমিটার ওয়াকওয়ে, চারটি ইউলুপ, খালের ওপর ১৩টি সেতু, চারটি পদচারী-সেতু এবং পাঁচটি স্লুইসগেট নির্মাণ করা হবে।

এ ছাড়া একটি পাম্পহাউস ও ১২টি ওয়াটার বাস স্টপ ছাড়াও ৪ দশমিক ৭ কিলোমিটার স্টর্ম স্যুয়ার লাইন নির্মাণ করা হবে বলে প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন। এর সঙ্গে এক্সপ্রেসওয়ে থেকে দুই পাশেই ছয় মিটার সার্ভিস সড়ক থাকবে। এরপর তিন মিটার প্রশস্ত হাঁটাপথের পর ৩০ মিটার খাল থাকবে। খালের ওপারে আবার দুই মিটার হাঁটাপথ ও ছয় মিটার সার্ভিস সড়ক থাকবে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে একনেকে প্রকল্পটি পাস হয়।

এই উচ্ছেদ কার্যক্রম গতকাল বুধবার শুরু হয়। শুরুর দিনে বসুন্ধরা কনভেনশন সিটির একাংশের দেয়াল ভাঙা হয়েছে। ছবি: অাবদুস সালাম
এই উচ্ছেদ কার্যক্রম গতকাল বুধবার শুরু হয়। শুরুর দিনে বসুন্ধরা কনভেনশন সিটির একাংশের দেয়াল ভাঙা হয়েছে। ছবি: অাবদুস সালাম