১০টির মধ্যে ছয়টি লিফটই অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১০টি লিফটের মধ্যে ছয়টিই বর্তমানে অচল হয়ে পড়ে রয়েছে। এসব লিফট মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। চালু থাকা লিফট চারটিও মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকছে৷ এতে ৫০০ শয্যার হাসপাতালটিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে৷
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটি প্রতিষ্ঠার পর ১৯৭৪ সালে রোগী, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য ১০টি লিফট স্থাপন করা হয়। এর মধ্যে জরুির বিভাগ এলাকায় দুটি বেড লিফট, প্রশাসনিক দপ্তরসংলগ্ন এলাকায় দুটি বেড ও চারটি সাধারণ লিফট এবং শিশু ওয়ার্ডের পাশে দুটি সাধারণ লিফট বসানো হয়৷ ৪০ বছর আগে স্থাপন করা ওই লিফটগুলোর ছয়টি বর্তমানে অচল হয়ে পড়ে রয়েছে৷
সরেজমিনে জানা গেছে, প্রশাসনিক এলাকার পাশে ছয়টি লিফটের মধ্যে তিনটি এবং শিশু ওয়ার্ডের পাশের দুটি লিফটের একটি চালু রয়েছে৷ বাকি ছয়টি লিফট বন্ধ রয়েছে৷ হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজনেরা অভিযোগ করেন, চালু থাকা লিফটগুলোও বেশির ভাগ সময় বন্ধ থাকে৷ বিশেষ করে রাতে একটি লিফটও চালু থাকে না৷ এতে পঁাচতলায় ভর্তি হওয়া রোগী এবং তাঁদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে৷
প্রশাসনিক এলাকায় লিফট চালক মাহফুজুর রহমান জানান, লিফটগুলো অনেক বছর আগের৷ তাই মাঝেমধ্যে নষ্ট হয়ে যায়। বারবার সংস্কার করে চালিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। লিফট সংস্কারকাজের ঠিকাদার এস আলম এন্টারপ্রাইজের মালিক মো. সামসুল আলম খান বলেন, হাসপাতালের পাঁচ-ছয়টি লিফট খুচরা যন্ত্রাংশের অভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে। লিফটগুলোর মধ্যে তিনটির রিমডেলিং করার জন্য ৭৪ লাখ এবং খুচরা যন্ত্রাংশের জন্য ৩২ লাখ টাকার চাহিদাপত্র পাঠিয়েছে গণপূর্ত বিভাগ। ওই চাহিদাপত্র অনুমোদন না হওয়ায় কাজ করা যাচ্ছে না। তা ছাড়া আগের কাজের প্রায় ৪০ লাখ টাকা বকেয়া রয়েছে। সেই বিল পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে না৷ তাই লিফট সংস্কারের কাজ করছেন না তিনি।
গণপূর্ত বিভাগের বরিশাল মেডিকেল কলেজ উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু সুফিয়ান বলেন, লিফটগুলো একেবারে নষ্ট নয়। যন্ত্রাংশের অভাবে চার-পাঁচটি চলছে না। মন্ত্রণালয় থেকে লিফট সংস্কারে বরাদ্দ না দেওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। হাসপাতালের পরিচালক মো. কামরুল হাসান বলেন, ‘হাসপাতালের লিফটগুলো অনেক পুরোনো। এগুলো সংস্কারের জন্য প্রতি মাসে ১৫-১৬ লাখ টাকার প্রয়োজন। লক্কড়-ঝক্কড় লিফটগুলো জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে৷ ১০টি নতুন লিফট চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। দুটি লিফটের অনুমোদন দেওয়া হয়েছে। ওই লিফট আসতে সময় লাগবে৷ আমরা চাই ১০টি লিফটই নতুন স্থাপন করা হোক।’