১০ম অধিবেশন শুরু ২৪ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ম জাতীয় সংসদের ১০ম অধিবেশন আগামী ২৪ এপ্রিল, রোববার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

আজ বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধানে উল্লেখিত ৬০ দিনের বাধ্যবাধকতার জন্যই এ অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্ত হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ২৪ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ১০ম অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে। কমিটির সভাপতি স্পিকার শিরিন শারমিন চৌধুরী ওই সভায় সভাপতিত্ব করবেন। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ১০ম জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। মোট ২৭ কার্যদিবসের নবম অধিবেশনে ৯টি সরকারি বিল পাস হয়। এ ছাড়া ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৮৫টি নোটিশের মধ্যে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ৩টি সংসদে আলোচিত হয়। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৬০টি। এ ছাড়া নবম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট তিন শ প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ৮৯টি প্রশ্নের উত্তর দেন।