১০ম গ্রেডে বেতনের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্যরা। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা। পরে একটি প্রতিনিধিদল গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারক লিপি দেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী ডিপ্লোমা কৃষিবিদ পেশাজীবীদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ ১০ম গ্রেড বেতন স্কেল উন্নীতের ঘোষণা দেন। কিন্তু আজ পর্যন্ত সে ঘোষণা বাস্তবায়িত হয়নি। তাঁরা ওই ঘোষণা বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ আকতার, মহাসচিব আবদুর রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক শেখ শহীদ মো. আব্বাস প্রমুখ বক্তব্য দেন।