১০০ আদিবাসী শিক্ষার্থীর হাতে ছাতা, স্কুলব্যাগ
হাতে থাকবে ছাতা, কাঁধে পাঠ্যবইয়ের ব্যাগ। বিদ্যালয়ে যেতে-আসতে এসব উপকরণ তাদের জন্য ছিল স্বপ্নের মতো। সিলেটের জৈন্তাপুর উপজেলার আদিবাসী পল্লির ১০০ শিক্ষার্থীর হাতে ছাতা ও ব্যাগ দিয়ে তাদের স্বপ্ন পূরণ করল আদিবাসী জনগোষ্ঠীর ‘একডো’ (এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) নামের বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। গতকাল মঙ্গলবার সকালে জৈন্তাপুরের মোকামপুঞ্জি আদিবাসী পল্লিতে একডো ১০০ শিক্ষার্থীর হাতে ছাতা ও ব্যাগ হস্তান্তর করে।
একডো জানায়, প্রতিবছর বৃষ্টির মৌসুমে আদিবাসী পল্লিগুলো থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত কমে যায়। জরিপ করে দেখা গেছে, বৃষ্টি থেকে নিজেদের রক্ষার ব্যবস্থা না থাকায় তাদের বিদ্যালয়ে যাওয়া হয় না। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ অবস্থা বেশি। ছাতা ও ব্যাগ দিয়ে অবস্থার পরিবর্তন হয় কি না, এ বিষয়টি পর্যবেক্ষণে খাসি, পাত্র ও চা-জনগোষ্ঠীর ১০০ শিক্ষার্থীর মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
আদিবাসী শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশও হয়। এতে বেসরকারি উন্নয়নে দাতা সংস্থা ‘হেই ভারডেন’-এর নির্বাহী পরিচালক ক্রিস্টিনা মিথবো, উপদেষ্টা আইভার মুন্থ, একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, প্রকল্প সমন্বয়কারী নোংপকলৈ সিনহা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ক্রিস্টিনা বলেন, ‘আমরা চাই, বিশ্বের সব শিশু যেন সমানভাবে লেখাপড়া করার সমান সুযোগ পায়। সে লক্ষ্যে হেই ভারডেন কাজ করে যাচ্ছে।