মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুরে চার দশক ধরে চালু থাকা একটি ইরি প্রকল্পের (স্কিম) পানিসেচের পাকা নালা ভেঙে কালভার্ট নির্মাণ করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এর ফলে চলতি বোরো মৌসুমে প্রকল্পের প্রায় ১০০ একর জমিতে আবাদ বন্ধ হয়ে গেছে। এ মৌসুমেই চাষিরা কমপক্ষে ৫৭ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে তৎকালীন ইপিএডিসি (বর্তমান বিএডিসি) দেশে ধানের উৎপাদন বাড়াতে নবগঙ্গা নদীর পানি সেচের মাধ্যমে ব্যবহারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে বোরো আবাদের জন্য নবগঙ্গার উত্তর তীরে গঙ্গারামপুর গ্রামের উত্তর মাঠে প্রায় ১০০ একর জমিতে একটি ইরি প্রকল্প চালু করা হয়। একই সঙ্গে প্রকল্পে ইরি ধান আবাদে উৎসাহ দিতে চাষিদের প্রশিক্ষণসহ বিনা মূল্যে পাওয়ারপাম্প, সার ও কীটনাশক ওষুধ সরবরাহ করা হয়। প্রকল্পে সেচ কার্যক্রম পরিচালনা এবং পানির অপচয় রোধে ১৯৭৪ সালে বিএডিসি পানিসেচের জন্য ৬০০ ফুট দীর্ঘ পাকা নালা নির্মাণ করে। চাষিরা প্রায় ৪১ বছর ধরে সফলতার সঙ্গে এই প্রকল্পে সেচের মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের আমন ও বোরো ধানের চাষ করে আসছেন। বর্তমানে ৫২ জন চাষি এই প্রকল্পে চাষাবাদ করছেন। প্রতিবছর দুই মৌসুমে প্রায় ৪০০ টন ধানসহ অন্যান্য সাথি ফসল উৎপাদিত হয়। বোরো মৌসুমে উৎপাদিত হয় কমপক্ষে ২৪০ টন ধান, যার বাজারমূল্য কমপক্ষে ৫৭ লাখ টাকা।সরেজমিনে দেখা যায়, এই প্রকল্পের নালার ওপর দিয়ে চলে গেছে মাগুরা-নড়াইল সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। গত বছরের অক্টোবরে সওজ পানিসেচের ১০০ ফুট পাকা নালা ভেঙে সড়কের ওপর একটি বড় কালভার্ট নির্মাণের কাজ শুরু করে। এ সময় চাষিরা বাধা দিলে সওজ কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছিল, কালভার্টের কাজ শেষ হলে পাশ দিয়ে নতুন করে নালা নির্মাণ এবং এর জন্য ক্ষতিপূরণও দেওয়া হবে। কিন্তু গত জানুয়ারিতে কালভার্ট নির্মাণ শেষ হলেও পানির নালা নির্মাণ না করে এবং কৃষকদের ক্ষতিপূরণ না দিয়েই সড়ক বিভাগ যানবাহন চলাচলের জন্য কালভার্টটি উন্মুক্ত করে দেয়। ক্ষতিগ্রস্ত চাষিরা বারবার আবেদন-নিবেদন জানিয়েও সওজ থেকে কোনো সাড়া পাচ্ছেন না।ওই প্রকল্পের চাষি ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বাবুল তরফদার বলেন, প্রতি বোরো মৌসুমে এখানে প্রায় ছয়-সাত হাজার মণ ধান উৎপাদিত হয়। এবার সড়ক বিভাগের কারণে আবাদ বন্ধ রয়েছে। ফলে চাষিদের গোলায় এক ছটাক ধানও উঠবে না। এতে ৫৫ থেকে ৬০ লাখ টাকা ক্ষতি হয়ে গেল। গঙ্গারামপুরের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, নালা ভাঙার সময় তাঁরা বাধা দিয়েছিলেন। কিন্তু ঠিকাদার প্রভাবশালী হওয়ায় জোর করেই কাজ শুরু করেন। একপর্যায়ে সওজের প্রকৌশলীরা তাঁদের আশ্বাস দিয়েছিলেন, কালভার্টের নির্মাণকাজ শেষ হলে সেচনালা নির্মাণ করে করে দেবেন। কিন্তু তা আর করা হয়নি।অভিযোগ প্রসঙ্গে মাগুরা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী কবীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার ধারণা নেই। আপনি আমার এসডির সঙ্গে কথা বলেন। তিনি সব বলতে পারবেন।’ একই বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) ফয়েজ আহমেদ বলেন, ‘আমি অসুস্থ, বাড়িতে আছি। সুস্থ হয়ে অফিসে এলে পরে ফোন দেবেন, যদ্দুর পারি ওটা সম্পর্কে জানাব।’