১০০ একর জমির ধান চিটা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির দোলায় পাশাপাশি গড়ে ওঠা তিনটি ইটভাটার গরম হাওয়া ও কালো ধোঁয়ার প্রভাবে শতাধিক একর জমির বোরো ধান চিটা হয়ে গেছে। এমনকি আশপাশের অনেক ফলদ, বনজ গাছ মরে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক ছৈকিয়ত আলী (৪৫) বলেন, ‘ওমরা কষ্টের ধান নষ্ট করছে। হামরা মাইয়া-পোলা নিয়া না খায়া থাকমো আর ওমরা ট্যাহা কামাইবে, তা হবার দিবার নই।’ ক্ষতিগ্রস্ত কৃষক ও ইটভাটা সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে নিরাশির দোলায় তিনটি ইটভাটা গড়ে তোলা হয়। এর মধ্যে মন্টু মিয়ার এম এস ব্রিকসের একটি এবং আবু সালেহ মো. শিবলীর এস এফ ব্রিকসের দুটি ইটভাটা রয়েছে। এসব ভাটার গরম হাওয়া ও কালো ধোঁয়ায় এলাকার ১০০ একর বোরো খেতের উঠতি ধান চিটায় পরিণত হয়েছে। এতে বিক্ষুব্ধ কৃষকেরা কুড়িগ্রাম-চিলমারী সড়কের পূর্ব পাশে ইটভাটাগুলোতে যাতায়াতের প্রায় ২৫০ মিটার দীর্ঘ সংযোগ সড়ক কেটে ভাটার ইট বিক্রি বন্ধ করে দিয়েছেন। এ খবর পেয়ে ওই দিন দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তবকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও ইটভাটার মালিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ভাটার মালিকেরা ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি একরে ৬০ মণ ধান দেওয়ার প্রতিশ্রুতি দিলে কৃষকেরা বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করেন। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম-চিলমারী সড়কের পূর্ব দিকে মাঠে পাকা সোনালি রঙের ধান। কাছে গিয়ে দেখা যায়, ধানগুলোর বেশির ভাগই চিটা। সরদারপাড়া, তবকপুর ও খামার তবকপুর গ্রামে বিভিন্ন প্রজাতির ২০টি ফলদ ও বনজ মরা গাছ দেখা গেছে। তবকপুর সরদারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক উমর আলী জানান, ইটভাটার গরম হাওয়া ও কালো ধোঁয়ার কারণে তাঁর দুটি জলপাইগাছ ও একটি নারকেলগাছ মরে গেছে। এ ছাড়া পাশের গ্রাম খামার তবকপুরের ফারুক হোসেনের তিনটি ইউক্যালিপটাস ও ১০টি সুপারিগাছ মরে গেছে। ইটভাটার মালিক আবু সালেহ মো. শিবলী বলেন, ‘আমার ভাটায় কৃষকের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে মন্টু মিয়ার ভাটার কারণে। ওই ভাটার কানেকটিং যন্ত্র ভেঙে যাওয়ায় গরম হাওয়া ও কালো ধোঁয়া বের হয়েছে। অথচ আমাকেও এখন ক্ষতিপূরণ দিতে হচ্ছে।’ মন্টু মিয়ার ছেলে বলেন, ‘আমাদের ভাটার কানেকটিং নষ্ট হওয়ায় এ ক্ষতি হয়েছে। এ জন্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।’উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বৈঠকে ইটভাটার মালিকেরা কৃষকদের ক্ষতিপূরণ দিতে রাজি হওয়ায় আবার ভাটায় ইট বিক্রি শুরু হয়েছে।