১০০ এতিম মেয়ে শিশুর চোখ ও রক্ত পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পড়তে বসলে মাথা কামড়ায়, দূরের কিছু দেখা যায় না। দুই চোখ দিয়ে পানি ঝরে পড়ে। এ কারণে লেখাপড়া হচ্ছে না। কিন্তু এখন বুঝতে পারলাম, কেন এই সমস্যা? প্রথম আলো বিনামূল্যে চক্ষু পরীক্ষার এই উদ্যোগ না নিলে এক বছরের মাথায় বাঁ চোখটি হারিয়ে ফেলতাম। চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতাম। প্রথম আলো পাশে থাকলে আমরা সাহস পাই।’
গতকাল শুক্রবার বেলা ১১টায় কক্সবাজার শহর থেকে ১৪ কিলোমিটার দূরে ‘খুরুলিয়া সরকারি শিশু পরিবারের’ সপ্তম শ্রেণির ছাত্রী লিনা বম (১৪) এ কথা জানায়। লিনার বাড়ি বান্দরবানের দুর্গম এক পাহাড়ি গ্রামে। ছোটবেলায় বাবা টংগির বমকে হারিয়ে সে এতিম হয়। এরপর আশ্রয় জুটে এই শিশু পরিবারে। এখানে রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ বিভিন্ন এলাকার আরও ৯৯ জন এতিম মেয়েশিশু রয়েছে। সরকারিভাবে এই মেয়েদের থাকা-খাওয়া ও পড়ালেখার ব্যবস্থা নিশ্চিত করলেও স্বাস্থে৵র উন্নয়নে তেমন কিছু নেই। কেন্দ্রটি প্রতিষ্ঠার দীর্ঘ ছয় বছরে প্রথমবারের মতো প্রথম আলো এই মেয়েশিশুদের চোখ ও রক্ত পরীক্ষা করে দেয়। কক্সবাজার বায়তুশশরফ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল কম্পিউটারে চক্ষু পরীক্ষা এবং কক্সবাজার সরকারি হাসপাতালের একটি দল মেয়েদের রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেন।
গতকাল সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণির ১০০ মেয়ের চোখের পরীক্ষা করে ২৫ জনের সমস্যা পাওয়া গেছে। কেন্দ্রের শিক্ষক শামীমা আকতার বলেন, ‘আমরাও ভাবতে পারিনি, মেয়েদের চোখে এত সমস্যা। প্রথম আলো এতিম মেয়েদের চোখের পরীক্ষা করে না দিলে অনেকে অল্প বয়সে অন্ধ হয়ে যেত।’ অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, ‘আমিও বাবা-মাকে হারিয়ে এতিম। তাই এতিমদের কাছে ছুটে এসেছি।’ এর আগে কেক কেটে প্রথম আলোর ১৭তম জন্মদিবস পালন করা হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, শিশু পরিবারের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, বন্ধুসভার কাজী মিজানুর রহমান, ইব্রাহিম খলিল প্রমুখ। দুপুরে এতিম শিশুদের সঙ্গে চলে বন্ধুসভার সদস্যদের চড়ুইভাতি।
বিকেলে প্রথম আলো কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, চিকিৎসক চন্দন কান্তি দাশ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, বন্ধুসভার মো. মহিউদ্দিন প্রমুখ। গান ও কবিতা পরিবেশন করে বন্ধুসভার কানিজ দিশা ও কুরছি রহমান লোভা।