১০০ এসি মিনিবাস নামছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শিগগিরই বেসরকারি খাতে ১০০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মিনিবাস নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় বাস অনুমোদন করে মহানগর পুলিশ কমিশনারের নেতৃত্বে আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি)। এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করে যোগাযোগ মন্ত্রণালয়ের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মন্ত্রী নতুন মিনিবাস নামানোর নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। আরটিসি চূড়ান্ত অনুমোদন দেবে।

যোগাযোগমন্ত্রী জানান, দেড় থেকে দুই মাসের মধ্যে সেনাবাহিনীর মাধ্যমে ঢাকায় ২৫০ এবং চট্টগ্রামে ১৫০টি ট্যাক্সিক্যাব নামানোর প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি একটি প্রতিষ্ঠানকে ঢাকায় আরও ২৫০টি ট্যাক্সিক্যাব নামানোর অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী মাসে মেট্রোরেল বা মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি), বাসের বিশেষ লেন (বিআরটি), বিদ্যমান কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর সমান্তরালে আরও তিনটি নতুন সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার কাজে সরকার অগ্রাধিকার দিয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২০ কিলোমিটার পথ পাকা করা হয়েছে। আধা পাকা অবস্থায় এসেছে ৭৫ কিলোমিটার। প্রকল্পের অধীনে ২২৮টি কালভার্ট ও ২২টি সেতুর মধ্যে ১২টির নির্মাণ সম্পন্ন হয়েছে। এ ছাড়া বাইপাস, আন্ডারপাস নির্মাণ, মাটির কাজও প্রায় শেষ পর্যায়ে। নবীনগর-ঢাকা ইপিজেড-চন্দ্রা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজও প্রায় শেষ।