যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ভোটকেন্দ্র দখল করে বেলা ১১টা ৫৯ মিনিটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করে আনন্দ মিছিল করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন যশোর-১ (শার্শা) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দীন। নির্বাচনী সভায় প্রকাশ্যে তিনি এ নির্দেশ দিয়েছেন।
সাংসদ আফিল উদ্দীনের ওই বক্তব্যের ভিডিওসহ ৫ জানুয়ারি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে গত বুধবার আবেদন করেছেন যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট শাহীন-উল-কবীর। এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সাংসদ আফিলের ওই বক্তব্যের সিডিসহ আবেদনপত্রটি নির্বাচন তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
যশোর-২ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম ও কলস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনিরুল ইসলাম যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আর রফিকুল ইসলাম আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে না থাকলেও তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন।
গত সোমবার ঝিকরগাছা উপজেলার পারবাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মনিরুল ইসলামের পোলিং এজেন্টদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ আফিল উদ্দীন। এ সময় তিনি কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘মাঠ যেন ফাঁকা না হয়ে যায়। ১০০ ছেলে থাকবে প্রতিটি কেন্দ্রে। ওরা বুথে যাবে, আবার এসে লাইনের পেছনে দাঁড়াবে। ওরা বাড়ি যাবে না। ১০০ ছেলে সব সময় লাইনে থাকবে। এভাবে বুথে যাবে, আবার আসবে। লোক ও সাংবাদিকেরা এসে দেখবে যে ভোটের মাঠ ভরা। তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটারদের দরকার নেই। ভোটাররা ভোট দেখতে আসবেন।’
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল বৃহস্পতিবার সাংসদ আফিল উদ্দীনকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।