সম্প্রতি মৌলভীবাজারে আকস্মিক বন্যায় প্রায় ১০০ কিলোমিটার পাকা রাস্তা ও ৩০টি সেতুর ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাকালুকি হাওরাঞ্চলের কুলাউড়া ও বড়লেখা উপজেলার নতুন রাস্তাগুলোর। দেড় সপ্তাহ আগে শুরু হওয়া বন্যার পানিতে এখনো তলিয়ে আছে অনেক রাস্তা। এসব পাকা রাস্তা ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ছে। পানি না নামা পর্যন্ত পূর্ণাঙ্গ ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তবে ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ জানান, কুলাউড়া-ভাটেরা সড়কটি ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে। কুলাউড়া-নবাবগঞ্জ রাস্তার বড়দল এলাকার একটি সেতুর ওপর পানিতে নষ্ট হওয়া ধান শুকানোর কাজে ব্যস্ত ভুকশিমইল ইউনিয়নের কানিয়াত গ্রামের আছমা বেগম (৫০)। তিনি বলেন, ‘বাড়িঘর সব ডুবাইলাইছে (ডুবিয়ে ফেলেছে)। অখন ব্রিজর মাঝে আইয়া উঠছি।’সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হাকালুকি হাওরাঞ্চলের অনেক রাস্তা হাওরের পানির সঙ্গে একাকার হয়ে গেছে। হঠাৎ থমকে যেতে হয়। কোথায় রাস্তা আছে বলার উপায় নেই। বড়লেখা উপজেলার ২১ কিলোমিটার দীর্ঘ বাচিরপুর-দাসেরবাজার সড়কের বিভিন্ন স্থানে প্রায় চার কিলোমিটার এলাকা দুই-তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। এলাকাবাসী জানান, রাস্তার ডুবে যাওয়া অংশটি হাকালুকি হাওরের ভেতর দিয়ে গিয়েছে। এ ছাড়া বড়লেখা-কানুনগোবাজার-আজিমগঞ্জ রাস্তাটির প্রায় দুই কিলোমিটার এলাকা দুই-তিন ফুট পানির নিচে তলিয়ে যেতে দেখা গেছে। বড়লেখার সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার রাস্তা পানির নিচে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুলাউড়া উপজেলার কুলাউড়া-পেকুরবাজার-নবাবগঞ্জ-বরমচাল ১৬ কিলোমিটার দীর্ঘ রাস্তার ভুকশিমইল ইউনিয়নের প্রায় ছয়-সাত কিলোমিটার এলাকার বিভিন্ন স্থান পানির নিচে ডুবে আছে। রাস্তাটির দুই পাশেই পড়েছে হাকালুকি হাওর। এ ছাড়া নির্মাণাধীন নবাবগঞ্জ-ভাটেরা ভায়া বেড়কুড়ির প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রায় পুরোটা এবং পুষাইনগর-নবাবগঞ্জ আট কিলোমিটার দীর্ঘ রাস্তাটিও জলমগ্ন হয়ে পড়েছে। অপরদিকে জুড়ী উপজেলার ভুকতেরা-বিশ্বনাথ রাস্তাসহ বেশ কিছু রাস্তা পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর বাঁধ ভেঙে বন্যায় কমলগঞ্জ-কুরমা ও ভানুগাছ-মাধবপুর-পাত্রখোলা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয় সূত্র জানায়, জেলার বড়লেখা, কুলাউড়া, জুড়ী ও কমলগঞ্জ উপজেলায় বন্যায় প্রায় ১০০ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডি মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘নতুন নতুন রাস্তা করেছি। এখন চোখের সামনে রাস্তা ভাঙছে। কিছু করা যাচ্ছে না। অনেক রাস্তার কাজ শুরুর আগেই বৃষ্টি ও বন্যা শুরু হয়ে গেছে। এমনিতে পানিতে তলিয়ে থাকায় যতটা না ক্ষতি হচ্ছে, তারচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কুলাউড়া ও বড়লেখায় হাকালুকি হাওরের ঢেউয়ে। এ দুটি উপজেলায় অধিকাংশ রাস্তা নতুন হয়েছে।’