১০০ কিলোমিটারে অকারণে ৬০টি গতিরোধক
নাটোরে ১০০ কিলোমিটার সড়কে ৬২টি গতিরোধক আছে। এর মধ্যে ৬০টিই অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। সংকেত চিহ্ন না থাকায় এবং সঠিকভাবে নির্মাণ না করায় এগুলো এখন গাড়িচালক ও যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব গতিরোধকের সঙ্গে ধাক্কা খেয়ে অনেক সময় ঘটছে দুর্ঘটনা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সওজের মোট ১০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে নাটোর-সোনাপুর-দয়রামপুর সড়কের ১৭ কিলোমিটারে ১৭টি, রাজশাহী-নাটোর-পাবনা মহাসড়কের ৪৬ কিলোমিটারে ৩৭টি এবং বগুড়া-নাটোর মহাসড়কের ৩২ কিলোমিটার অংশে আটটি গতিরোধক আছে। গত দুই বছরে সড়ক মেরামতের সময় স্থানীয় লোকজন জোর করেই ঠিকাদারদের দিয়ে এসব গতিরোধক নির্মাণ করিয়ে নেয়।
সওজ কর্মকর্তারা দাবি করেন, রাজশাহী-নাটোর-পাবনা জাতীয় মহাসড়কের দত্তপাড়া সেতুর উভয় পাশের দুটি ছাড়া বাকি ৬০টি গতিরোধক নির্মাণের কোনো প্রয়োজন ছিল না। এলাকাবাসীর দাবির মুখে এবং স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের অনুরোধে এসব গতিরোধক নির্মাণ করা হয়। নিয়ম অনুযায়ী গতিরোধকের দুই পাশে ছয় ফুট দীর্ঘ ঢালু রাখার কথা থাকলেও তা করা হয়নি। ফলে যানবাহনগুলো গতিরোধকের কাছে এসে ধীরগতিতে চলে। এতে মাত্র ১০০ কিলোমিটার রাস্তায় ৩০ থেকে ৪০ মিনিট সময়ের অপচয় হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সওজের নাটোর কার্যালয়ের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে মাত্র ৩০০ মিটারের মধ্যে তিনটি গতিরোধক আছে। এগুলোর দুই পাশে মাত্র এক-দুই ফুট ঢালু রাখা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে গতিরোধকের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত তিনজন মারা গেছে। সওজের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী জানান, কোথাও কোনো দুর্ঘটনায় মানুষ মারা গেলে স্থানীয় লোকজনের অনুরোধে সেখানে তড়িঘড়ি করে গতিরোধক নির্মাণ করা হয়। গতিরোধকগুলো অপসারণ করার জন্য যোগাযোগ মন্ত্রণালয় থেকে তাঁর কাছে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর অনুরোধের কারণে তাঁরা গতিরোধক অপসারণ করতে পারছেন না।