১০০ কেজি ফল ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের মনিহার চত্বর এলাকায় অভিযান চালিয়ে ফলের আড়ত ও খুচরা ব্যবসায়ীর দোকান থেকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যমিশ্রিত ১০০ কেজি মাল্টা ও কমলালেবু ধ্বংস করা হয়েছে। এ সময় দোকান দুটি থেকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শামীমুর রহমান জানান, শহরের মনিহার চত্বর ও চৌরাস্তা মোড়ের ফলের আড়ত এবং খুচরা ব্যবসায়ীদের দোকানে অভিযান চালিয়ে ক্ষতিকর রাসায়নিক ফরমালিন পরীক্ষা করা হয়। মনিহার এলাকার হাফিজুর রহমানের আড়তের মাল্টা ও খুচরা বিক্রেতা আলী হোসেনের দোকানে কমলালেবুতে মাত্রাতিরিক্ত ফরমালিন পাওয়া যায়। পরে এ ধরনের অন্তত ১০০ কেজি মাল্টা ও কমলা জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়।