১০০ কেন্দ্রে হামলা, ব্যালট ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে ১০০টি ভোটকেন্দ্রে হামলা, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম ছিনতাই, ককটেলের বিস্ফোরণ এবং অগ্নিসংযোগ করেছে নির্বাচনবিরোধীরা।
রাতে ঠাকুরগাঁওয়ে একটি কেন্দ্রে হামলা চালিয়ে আগুন লাগানোর পর একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তা ছাড়া বিভিন্ন স্থানে হামলায় নির্বাচনী কর্মকর্তা, পুলিশসহ আরও অন্তত ৪৪ জন আহত হয়েছেন। হামলাকারীরা বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থক বলে স্থানীয়ভাবে জানা গেছে।
অনেক স্থান থেকে কর্মকর্তারা জানিয়েছেন, দফায় দফায় হামলার শিকার হয়ে তাঁরা ভোটকেন্দ্রে অবস্থান করতে না পেরে আশপাশ এলাকায় আশ্রয় নিয়েছেন।
গতকাল রাত ১১টা পর্যন্ত প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের সেফরীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল রাতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জোবায়দুর রহমান গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নাদিরুল আজিজ জোবায়দুল হকের মৃত্যু নিশ্চিত করেছেন। পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, ঘটনার পর এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জোবায়দুর সালন্দর ডিগ্রি কলেজের প্রদর্শক।
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলায় গতকাল রাতে ৩০টি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি কেন্দ্রে দুর্বৃত্তদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে সাতটার দিকে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কেন্দুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাকান্দাইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মর্তুজাবাদ ফাজিল মাদ্রাসা, পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহাসড়কে, নীলভিটা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, আতলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলাব শহীদ সঞ্চৃতি উচ্চবিদ্যালয়, নুরুল হক উচ্চবিদ্যালয়, টাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবই সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনতা উচ্চবিদ্যালয়, ইউসুফগঞ্জ উচ্চবিদ্যালয়, ভোলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিনা উচ্চবিদ্যালয়, বেলদী দাখিল মাদ্রাসা, হিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, করাটিয়া পূবেরগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩০টি ভোটকেন্দ্র ও আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, কয়েকটি ভোটকেন্দ্রের বাইরে ও রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
লালমনিরহাট: সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া গ্রামের চাওড়াডাঙ্গা সেতুর কাছে হাফিজুর রহমান নামের এক পোলিং কর্মকর্তা হামলায় আহত হন। তিনি নির্বাচনী সরঞ্জাম আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাচ্ছিলেন। হামলায় তাঁর মেয়েও আহত হন।
গাইবান্ধা: গাইবান্ধা সদর, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে ২৫টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। দুপুরে ভটভটিযোগে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জাম নিয়ে কুঞ্জমহিপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দিকে রওনা দেন। বিকেল চারটার দিকে তাঁরা কুঞ্জমহিপুর বাজারে পৌঁছলে হামলার শিকার হন। হামলাকারীরা ব্যালট বাক্স ও পেপার এবং অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে দেয়। সেখানে কয়েকজন আনসার সদস্যকে মারধর করা হয়।
এ ছাড়া উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৌঁছার পর অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিমিঞ্চ করে নির্বাচনী সরঞ্জাম কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় একদল যুবক।
সাতকানিয়া (চট্টগ্রাম): ছদাহা ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে জামায়াত-শিবির। তারা প্রিসাইডিং কর্মকর্তা এবং পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে। আনসার সদস্যের একটি অস্ত্র ও নির্বাচনী সরঞ্জাম লুট করা হয়। এতে প্রিসাইডিং কর্মকর্তাসহ ছয়জন আহত হন।
পার্বতীপুর (দিনাজপুর): সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বড় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাকে মারধর করে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করা হয়। এ সময় ছয়টি ব্যালট বাক্স, তিন হাজার ৩০০ ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিলমোহরসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম লুট করা হয়।
রাজশাহী: পবা উপজেলার বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল সন্ধ্যায় ১০-১৫ জন দুটি পেট্রলবোমা ও ১০টি ককটেল ছুড়ে ত্রাস সৃষ্টি করে। তাদের হামলায় শাহ মখদুম থানার পুলিশের দুই কনস্টেবল আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি ককটেলসহ বিএনপির দুই কর্মীকে আটক করে।
নীলফামারী: সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঁচ-ছয় শ ব্যক্তি হামলা চালিয়ে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম লুট করে। এ হামলায় পুলিশের দুই সদস্য আহত হন।
পীরগাছা (রংপুর): উপজেলার ইটাকুমারীর দেওয়ান সালেহ দাখিল মাদ্রাসা, ইটাকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইটাকুমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে কাল সন্ধ্যায় আনসার সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের মারধরে তিনটি কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হয়। হামলায় প্রিসাইডিং কর্মকর্তাসহ পাঁচজন আহত হন।
অগ্নিসংযোগ করা হয় তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্দি ইউনিয়নের দাদন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও।
লক্ষ্মীপুর: গতকাল রাতে রামগঞ্জের পানিওয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানপাড়া বিদ্যালয় ও মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করা হয়। বাধা দিতে গিয়ে পানিওয়ালা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এবং পুলিশের এক এসআইসহ পাঁচজন আহত হন। কোমরতলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশকে মারধর করে দুটি অস্ত্র নিয়ে গেছে হামলাকারীরা।
রাত ১১টার দিকে দুর্বৃত্তরা কমলনগরের পাটারির হাট ইউনিয়নের দক্ষিণ চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামবাহী পিকআপ ভ্যানে পেট্রলবোমা মেরে পুড়িয়ে দেয়। প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ঢুকে ব্যালট বাক্স ভাঙচুর করা হয়।
রামগতির লম্বাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চর সেকান্দার শফিক একাডেমি কেন্দ্র এবং ইত্তেফাক-এর রামগতি সংবাদদাতা নজরুল ইসলামের বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রাত সোয়া আটটার দিকে লক্ষ্মীপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের চর লরেন্স বাজারে চর জাঙ্গালিয়া খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের সরঞ্জামবাহী গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় কেন্দ্রের কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা গাড়ি থেকে কেন্দ্রে সরঞ্জাম নামাচ্ছিলেন।
মাগুরা: রাতে মাগুরা শহরের কাছে বরুনাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া আরও দুটি কেন্দ্রে পেট্রলবোমা হামলা করেছে নির্বাচনবিরোধীরা। হামলায় পুলিশের এসআই আবদুল মাজেদ গুরুতর আহত হন।
যশোর: মনিরামপুর উপজেলার সমসকাটি গ্রামে পুলিশের একটি মাইক্রোবাসে রাত পৌনে আটটার দিকে পেট্রলবোমা হামলায় আনসারের চার সদস্য দগ্ধ হন।
দিনাজপুর: সন্ধ্যায় দিনাজপুর সদর, খানসামা, চিরিরবন্দর ও ঘোড়াঘাট উপজেলার নয়টি ভোটকেন্দ্রে হামলা চালানো হয়। এ সময় ব্যালট পেপার ও ব্যালট বাক্সে অগ্নিসংযোগ এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পার্বতীপুর উপজেলার বড় হরিপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে তিন হাজার ৩০০ ব্যালট পেপারসহ ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করা হয়। হামলায় প্রিসাইডিং কর্মকর্তা হবিবর রহমানসহ নির্বাচনসংশ্লিষ্ট ১০ জনকে পিটিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। একই সময় খানসামা উপজেলার বালাপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছালে বাধার মুখে পড়েন। হামলাকারীরা নির্বাচনী সরঞ্জামসহ একটি গাড়ি জ্বালিয়ে দেয়।
টাঙ্গাইল: সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে দুই হাজার ৮৭৯টি ব্যালট পেপার ছিনতাই করে নির্বাচনবিরোধীরা। একই সময় নগদাশিমলা ইউনিয়নের শিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দুই হাজার ৯০২টি ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হয়।
জুড়ী (মৌলভীবাজার): বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বড়খলা বাজার এলাকায় সন্ধ্যায় নির্বাচনবিরোধীদের হামলায় এক কর্মকর্তাসহ তিন ব্যক্তি আহত হন। এ সময় একটি দোকান ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
পার্বতীপুর (দিনাজপুর): রাত সাড়ে আটটার দিকে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ওই কেন্দ্রের কাছে একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
গোয়াইনঘাট (সিলেট): রাত আটটার দিকে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর বাজার এবং এর আশপাশের এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নির্বাচনের ভোট গ্রহণের আগে ককটেল বিস্ফোরণের ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চট্টগ্রাম: রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে নগরের বন্দর থানার কলসির দীঘিরপাড় এলাকা, মধ্যম হালিশহর এলাকা, হালিশহর ফইল্লাতলী বাজার এলাকা, মোমিন রোড ও আসকার দীঘিরপাড় এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এদিকে রাতে বাকলিয়া থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৪০টি ককটেল ও তিনটি ছুরি উদ্ধার করেছে।
বিশ্বনাথ (সিলেট): রাতে উপজেলার রামপাশা প্রাথমিক বিদ্যালয়, তেলীকোন এলাহাবাদ আলিম মাদ্রাসা, কান্দিগ্রাম প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রগ্রাম প্রাথমিক বিদ্যালয় এবং কাদিপুর শাহজালাল পল্লি পরিষদ প্রাথমিক বিদ্যালয়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।