
প্রায় শত কোটি টাকা বিশেষ বরাদ্দ পাওয়ার পরও সরকারি উন্নয়ন অনুদান পাওয়ার ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনের তুলনায় পিছিয়ে আছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সরকারের মনোযোগ আকর্ষণ করতে না পারা, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের দক্ষতার অভাব এবং বরাদ্দকৃত অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত অর্থবছরে (২০১৫-১৬) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থোক, বিশেষ এবং সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্পে সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়েছে ৫৩৮ কোটি ৬৫ লাখ টাকা, ঢাকা উত্তর সিটি করপোরেশন পেয়েছে ২৯২ কোটি ৩০ লাখ টাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন পেয়েছে ২২৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে চট্টগ্রামের জন্য বিশেষ বরাদ্দ ছিল সাড়ে ৯৯ কোটি টাকা। তিন সিটি করপোরেশনের বাজেট বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
উন্নয়ন বরাদ্দে পিছিয়ে থাকার বিষয়ে চট্টগ্রামের প্রবীণ অর্থনীতিবিদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান প্রথম আলোকে বলেন, ঢাকার মেয়ররা সহজেই কেন্দ্রের দৃষ্টি লাভ করেন। এখানকার মেয়র সেভাবে পারেন না। তাই স্বাভাবিকভাবেই উন্নয়ন বরাদ্দে বৈষম্য গড়ে ওঠে। ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত পরিকল্পিত উপায়ে বিষয়টির সমাধান করতে হবে সরকারকে।
গত ১০ আগস্ট এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। তিনি বলেন, ‘যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম।’
পিছিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন: ১৫৫ বর্গকিলোমিটার আয়তন ও ৬০ লাখ বাসিন্দার চট্টগ্রাম সিটি করপোরেশন। গত অর্থবছরে (২০১৫-১৬) উন্নয়ন অনুদান খাতে করপোরেশনের চাহিদা ছিল ৯৭২ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত বরাদ্দ পেয়েছে ২২৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে থোক বরাদ্দ ১২ কোটি টাকা, বিশেষ বরাদ্দ সাড়ে ৯৯ কোটি টাকা এবং প্রকল্প খাতে ১১৭ কোটি ৩০ লাখ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে বরাদ্দ পেয়েছিল ১৪৯ কোটি ৬০ লাখ টাকা।
অন্যদিকে ৪৫ বর্গকিলোমিটার আয়তনের ও ৩১ লাখ জনসংখ্যার (২০১১ সালের শুমারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত অর্থবছরে বিশেষ বরাদ্দ পেয়েছে ২৪১ কোটি টাকা। থোক বরাদ্দ পেয়েছে ১২ কোটি টাকা। এ ছাড়া সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এবং সরকারি ও বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ভিত্তিক প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ২৮৫ কোটি ৬৫ লাখ টাকা। এ তিনটি খাতে চাহিদা ছিল ১ হাজার ৩৮৭ কোটি ৬৯ লাখ টাকা। সব মিলিয়ে বরাদ্দ পাওয়া গেছে ৫৩৮ কোটি ৬৫ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৩১৮ শতাংশ বেশি। ২০১৪-১৫ অর্থবছরে এসব খাতে মোট বরাদ্দ পেয়েছিল ১৬৯ কোটি ২ লাখ টাকা।
৮২ দশমিক ৬৩৮ বর্গকিলোমিটার আয়তন ও ৩৯ লাখ ৫৭ হাজার জনসংখ্যার (২০১১ সালের শুমারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনকে গত অর্থবছরে বিশেষ বরাদ্দ দেওয়া হয় ১১৭ কোটি ৬৩ লাখ টাকা। ৩৫ কোটি টাকার থোক বরাদ্দের চাহিদা থাকলেও পায় ১২ কোটি টাকা। আর প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ পেয়েছে ১৬২ কোটি ৬৭ লাখ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে এসব খাতে বরাদ্দ পেয়েছিল ২০৪ কোটি ৩৮ লাখ টাকা।
ঢাকার দুই সিটি করপোরেশনের তুলনায় কম বরাদ্দ প্রাপ্তির বিষয়ে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘তুলনা করার কোনো দরকার নেই। আমাদের প্রয়োজন এক ধরনের, আরেক জায়গার প্রয়োজন আরেক ধরনের। আমাদের প্রয়োজনটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি বা নিশ্চিত করতে পারি, সে ধরনের সহায়তা চাই এবং এটা করা দরকার।’
সরকার চট্টগ্রামকে কম বরাদ্দ দিচ্ছে বলে মনে করেন না সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমও। তিনি বলন, মেয়র থাকার সময় চট্টগ্রামের উন্নয়নে সরকারের কাছে যা চেয়েছেন, তা-ই পেয়েছেন। কিন্তু চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকদের মতে, উন্নয়ন বরাদ্দে সব সময় পিছিয়ে থাকে চট্টগ্রাম সিটি করপোরেশন।
প্রকল্প অনুমোদনে ঘাটতি এবং অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতা: নগরের সড়ক উন্নয়নে অ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপনের জন্য ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠায় চট্টগ্রাম সিটি করপোরেশন। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের যাচাই কমিটির সভায় এ প্রকল্প অনুমোদিত হয়। এর ১৫ মাস পর ২০১৫ সালের ১৩ মে পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এটি অনুমোদন পায়। পিইসিতে অনুমোদনের প্রায় সাড়ে তিন মাস পর গত বছরের সেপ্টেম্বরে ২০০ কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন দেয় একনেক। গত অর্থবছরে (২০১৫-১৬) এই প্রকল্পের বিপরীতে সিটি করপোরেশনের চাহিদা ছিল ৫০ কোটি টাকা, কিন্তু বরাদ্দ পায় ৮ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা।
চলতি বছরের মার্চে ‘চট্টগ্রাম মহানগরী এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের উন্নয়ন’ শীর্ষক ৩৮১ কোটি টাকার একটি ডিপিপি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। গত ১০ মার্চ মন্ত্রণালয়ের প্রকল্প যাচাই কমিটির সভায় এ প্রকল্প সম্পর্কে সিদ্ধান্ত হয়, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ঠিকভাবে করা হয়নি। সঠিকভাবে ডিপিপি তৈরি করতে হবে। প্রস্তাবিত রাস্তার সঠিক বিবরণ (যেমন রাস্তার ধরন, রাস্তার দৈর্ঘ্য, প্রস্থ ও এলাকা উল্লেখ করা হয়নি) ডিপিপিতে সংযোজন করতে হবে।
ডিপিপি তৈরিতে সিটি করপোরেশনের প্রকৌশলীদের ঘাটতি রয়েছে জানিয়ে অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দর খান প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয় না, সিটি করপোরেশনের লোকজন যুক্তি দিয়ে প্রকল্পগুলো দাঁড় করাচ্ছেন। মেয়র সাহেবের মুখ দিয়ে একগুচ্ছ প্রকল্পের কথা বের হলো, এগুলোর মধ্যে যেগুলো পাস করানো সহজ এবং বাস্তবায়ন করলে অন্য লাভ আছে, সেগুলোই তাঁরা করেন।’