শান্তিনগর ও আশপাশের এলাকায় নির্মীয়মাণ ড্রেনেজ লাইনের কাজ গত চার মাসে মাত্র ৭০ শতাংশ শেষ হয়েছে। মূল কাজ, যন্ত্রপাতির খরচসহ ১০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ আগামী বর্ষার আগে শেষ হবে কি না, হলেও ভারী বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতা স্থায়ী হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কোনো কোনো এলাকায় এখন পর্যন্ত সেবা সংস্থার লাইন সরানো যায়নি।
বর্ষাকালে শান্তিনগর, আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ এলাকায় স্থায়ী জলাবদ্ধতা হচ্ছে। মূল কাজের পর এলাকা জলাবদ্ধতার অভিশাপমুক্ত হবে কি না, তা নিয়ে বাসিন্দাদের মধ্যেও সংশয় রয়েছে। খোঁড়াখুঁড়ির সময়ে জনভোগান্তি, তারপর রাস্তার ওপর নির্মাণসামগ্রী, পচা মাটি, পরিত্যক্ত সরঞ্জাম রাখার কারণে চলাচলে অসুবিধার বর্ণনা দিয়ে এলাকাবাসী বলেন, এসবের পরও কষ্ট ভোলা যায়, যদি সামনের বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তি না থাকে।
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল হোসেন বলেন, ‘কাজ চলছে তবে কাজ করতে গিয়ে কিছু কিছু জায়গায় সমস্যাও হচ্ছে। নর্দমা সোজা করতে গিয়ে সোজা করা যাচ্ছে না কাকরাইল থেকে শান্তিনগর বাজার, কর্ণফুলী মার্কেটের সামনের এলাকাসহ কিছু এলাকায়। যাঁদের জায়গা আছে তাঁরা আপত্তি জানাচ্ছেন। কিছু গ্যাস ও বিদ্যুৎ লাইন সরানোর কাজও বাকি আছে। তারপরও আমরা চাচ্ছি, এই বর্ষা মৌসুমের আগেই যেন ড্রেনেজ লাইনের কাজ শেষ হয়। আশা করছি, পুরোটা শেষ না হলেও কাছাকাছি যাবে। সে রকম হলেও এলাকায় জলাবদ্ধতা অনেক কমে যাবে। বৃষ্টির পানি দ্রুত নেমে যাবে।’
>* সব জায়গায় সোজা নর্দমা করা যাচ্ছে না * সেবা সংস্থার সব লাইন সরেনি * রাজারবাগ-শান্তিনগর খোঁড়াখুঁড়ি বাকি
ডিএসসিসির প্রকৌশল বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, নর্দমার পানি সোজা যেতে বাধাগ্রস্ত হয়ে বাঁকা পথে গেলে স্বাভাবিকভাবেই প্রবাহ গতি কমে যায়। সে ক্ষেত্রে বৃষ্টির পানি নামতেও সময় লাগে। তিনি বলেন, উড়ালসড়ক নির্মাণের কারণে আগের নর্দমাগুলো রাবিশে ভরে গেছে। গত বছর ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনকে রাবিশ পরিষ্কার করতে হয়েছিল। এবারও হয়তো তাই করতে হবে।
বাসিন্দা-দোকানিদের কথা
শান্তিনগর বাজারের মাছ বিক্রেতা রফিক মিয়া বলেন, ‘গতবার ভরা বর্ষায় বাজারে পানি জইমা গেছিল। মাছের ডালা পানিতে ভাসছিল। দাঁড়াই দাঁড়াই মাছ বেচনের কাম করতে অইছে।’ শান্তিনগর মোড়ে বহুতল ভবন ইস্টার্ন প্লাসের বাসিন্দা আবদুর রকিব বলেন, এলাকায় প্রায় ২১ বছর বসবাস করছেন, এমন কোনো বর্ষা নেই, তাঁরা জলাবদ্ধতার ভোগান্তিতে ভোগেননি। তিনি বলেন, ১৯৯৭ সালের দিকে জলাবদ্ধতা দূর করতে কয়েক কোটি টাকা খরচ করে (ডিএসসিসির হিসাবে ৬ কোটি টাকা) রাস্তা উঁচু করা হয়েছিল। কিছুদিন ভালো থাকলেও পরে এলাকায় বৃষ্টি হলেই পানিতে ভরে যায়। তাঁর কথা হচ্ছে, এবার চার মাস ধরে খোঁড়াখুঁড়ির ভোগান্তিতে আছেন, তারপরও কি জলাবদ্ধতা যাবে?
শান্তিনগর চামেলীবাগ এলাকার বাসিন্দা আকরাম হোসেন ৫ মার্চ রাতের বৃষ্টির উল্লেখ করে বলেন, সেদিন রাত প্রায় ১১টায় বাসায় যাওয়ার পথে তাঁকে ময়লা পানি ডিঙাতে হয়েছিল।
তিন দিন পর গত মঙ্গলবার বিকেলে এলাকায় গিয়ে দেখা যায়, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে রাস্তার ধারে পানি জমে আছে। আবহাওয়া অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, ৫ মার্চ রাতে আগারগাঁওয়ে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অন্যদিকে শান্তিনগর, মতিঝিল ও আশপাশের এলাকা ভারী বর্ষণে তলিয়ে গিয়েছিল। গতকাল বুধবার দুপুরের হালকা বৃষ্টিতেও শান্তিনগরে রাস্তার ধারে কিছু পানি জমে।
শান্তিনগর, কাকরাইল ও আশপাশের এলাকার (১৩ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর মোস্তবা জামাল অবশ্য আশা করছেন, এলাকায় এবার জলাবদ্ধতা অনেক কম হবে। তিনি বলেন, ঠিকাদারেরা বলছেন, আগামী বর্ষার আগে কাজ শেষ হয়ে যাবে। তবে সমস্যাও আছে। রাজারবাগ থেকে শান্তিনগর আসার পথে এখনো ড্রেনেজ লাইনের খোঁড়াখুঁড়ি বাকি আছে। সেটা কত দিন লাগে কে জানে।