১০০ কোটি টাকা 'চাঁদা' তুলছেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও লাখো কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠান বাস্তবায়নের জন্য ১০০ কোটি টাকা ‘চাঁদা’ তুলছে সরকার। এ চাঁদা তোলার কথা সাংবাদিকদের কাছে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে আজ রোববার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল আজম এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া উপলক্ষে তাঁর লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করা। এর মধ্যে টি-টোয়েন্টির জন্য বাজেট বরাদ্দ ছিল ৩৫ কোটি টাকা, যার প্রায় পুরোটাই ব্যয় হয়ে গেছে। আর জাতীয় সংগীত গাওয়ার বিষয়ে বাজেটে কোনো বরাদ্দ ছিল না।
অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা তো জানেন, আমি মাঝে মাঝেই চাঁদাটাদা তুলি। গতবার এক বৈঠকেই ৬০ কোটি টাকা তুলেছিলাম। এবার মানুষ বেশি, ব্যয়ও বেশি। এবার তাই বিভিন্ন খাতের লোকদের সঙ্গে বৈঠক করলাম।’
দেশি-বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর কোম্পানি, বিদ্যুত্ উত্পাদক কোম্পানি এবং বেসরকারি বড় বড় ব্যবসায়িক গোষ্ঠীর কাছ থেকে এবার অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রার কথা জানান অর্থমন্ত্রী।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল শনিবার সচিবালয়ে বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে এ বিষয়ে বৈঠকে করেছেন অর্থমন্ত্রী। আজ রোববার করেছেন মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে। তারও আগে তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শেষ করেছেন।
মুহিত বলেন, ‘বসুন্ধরা, স্কয়ার, এইচএসবিসি এক কোটি টাকা করে দেবে বলেছে। আর বিদ্যুত্ উত্পাদন করে অনেকে ভালোই ব্যবসাট্যাবসা করেছেন। তাঁদের কাছে কিছু টাকা চাওয়া যেতেই পারে।’
অর্থমন্ত্রী বলেন, ‘এবার অংশগ্রহণকারী (চাঁদাদানকারী) বাড়বে। প্রায় দ্বিগুণ হবে। প্রধানমন্ত্রীকেও আমি এ কথা জানিয়েছি। আগেরবার যাদেরকে দুই, তিন বা পাঁচ কোটি টাকা দিতে হয়েছে, এবার দিতে হবে তাদের এক থেকে দেড় কোটি টাকা।’
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি খাত থেকে ১০০ কোটি টাকা সংগ্রহের যে লক্ষ্যমাত্রা রয়েছে তার মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাত থেকে ৫০ কোটি টাকা, প্রথম শ্রেণীর ব্যবসায়ী ও ব্যবসায়িক গোষ্ঠীর কাছে থেকে ২০ কোটি টাকা, বিদ্যুত্ ও জ্বালানি খাতের উদ্যোক্তাদের থেকে ১৫ কোটি টাকা এবং মোবাইল অপারেটরদের কাছ থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করা হবে।