১০০ কোটি টাকার কাজ তবে ঠিকাদার নেই!
বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০ কোটি টাকার কাজের কোনো ঠিকাদার পাওয়া যায়নি। প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় যথাসময়ে বিল পাবেন না, এমন আশঙ্কায় কোনো ঠিকাদার দরপত্রে অংশ নেননি।ঠিকাদারদের সূত্রে জানা যায়, গত অর্থবছরে ১১৭ কোটি টাকার কাজের দরপত্রে অংশ নিয়ে কাজ পেলেও চাহিদা অনুযায়ী অর্থ না পাওয়ায় তাঁরা সেসব কাজও বন্ধ রেখেছেন। নদীভাঙন প্রতিরোধে নেওয়া এসব প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়িত না হলে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ভাঙনকবলিত এলাকাগুলো আরও ঝুঁকিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে।পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার দরপত্রে কোনো ঠিকাদারের অংশ না নেওয়ার কথা নিশ্চিত করেছেন। আগের প্রকল্পের টাকা বরাদ্দ না পেলেও কেন আবার দরপত্র আহ্বান করা হলো, জানতে চাইলে তিনি বলেন, ২৩০ কোটি টাকার প্রকল্পটি এনেছেন সাংসদ আবদুল মান্নান। তাঁর অনুরোধে এ প্রকল্পের প্রথম অংশের প্রায় ৯৮ কোটি টাকার দরপত্র ডাকা হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পে এ বছর বরাদ্দ আছে ১৫ কোটি টাকা। আগের প্রকল্পে সাত কোটি টাকা দেওয়া হলেও পরে তা পাঁচ কোটি করা হয়েছে।পাউবো সূত্রে জানা যায়, সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনার ভাঙন প্রতিরোধে চলতি অর্থবছরে ২৩০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের নাম ‘বগুড়া জেলায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প’। গত মাসে পাউবো ১৩টি গ্রুপে প্রায় ১০০ কোটি টাকার দরপত্র আহ্বান করে। কাজের মধ্যে ছিল প্রায় ৫৩ কোটি টাকায় সারিয়াকান্দির কামালপুরে এক হাজার ৮০০ মিটার নদীর তীর সংরক্ষণ, আরও প্রায় ৫০ কোটি টাকায় ধুনটের বড়ইতলীতে ৪০০ মিটার এবং পুকুরিয়ায় ৮০০ মিটার নদীর তীর সংরক্ষণ। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২ জুলাই। কিন্তু কোনো ঠিকাদার দরপত্র না কেনায় পাউবো দরপত্র বিক্রির সময় আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে ৯ জুলাই করে। কিন্তু এ সময়ের মধ্যেও কোনো ঠিকাদার অংশ নেননি।ঠিকাদারেরা জানান, অর্থ বরাদ্দ বেশি না থাকার কারণেই তাঁরা দরপত্রে অংশ নেননি। আগের অর্থবছরে যেসব কাজের দরপত্র ডেকে ঠিকাদারদের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, সেসব কাজেরও তেমন অর্থ বরাদ্দ নেই। অনেক ঠিকাদার কাজ করেও বিল পাননি।