১০০ গজে তিনটি গতিরোধক এখন দুর্ঘটনার কারণ
দুর্ঘটনা থামাতে মহাসড়কে এক রাতের মধ্যে গড়ে তোলা তিনটি গতিরোধক এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গায় প্রগতি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় গত ২৩ ফেব্রুয়ারি বাসের ধাক্কায় প্রথম শ্রেণীর ছাত্রী জুঁই মল্লিক নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনগণের চাপের মুখে ওই দিনই সড়ক ও জনপথ বিভাগ মাত্র ১০০ গজের মধ্যে পাথর ও পিচ দিয়ে খুব উঁচু করে তিনটি গতিরোধক তৈরি করে দেয়। কিন্তু গতিরোধকে কোনো চিহ্ন ব্যবহার না করায় দ্রুতগতির যানবাহনের চালকদের হঠাৎ বিপদে পড়তে হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। মোটরসাইকেলচালক সঞ্জয় রায় বলেন, ‘গত রোববার রাতে প্রগতি স্কুলের কাছে হঠাৎ একটা গতিরোধক সামনে পড়ায় দ্রুত ব্রেক চাপলেও মোটরসাইকেল উল্টে যায়। এতে আমি সামান্য আহত হই।’ খুলনার একটি ক্লিনিকে কর্মরত রবিউল ইসলাম ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ গতিরোধকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। তিনি বলেন, গতিরোধকে কোনো চিহ্ন নেই, তা ছাড়া ১০০ গজের মধ্যেই তিনটি? ইজিবাইকচালক আবদুর রশীদ বলেন, ওই এলাকায় উঁচু গতিরোধক পার হওয়ার সময় গাড়ি গতিরোধকের সঙ্গে ধাক্কা খায়। খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাশ বলেন, ‘২৩ ফেব্রুয়ারি দুর্ঘটনার পর আমাদের খুব উঁচু তিনটি গতিরোধক নির্মাণে বাধ্য করা হয়। তা ছাড়া রাস্তা মেরামত করা হবে বলে কোনো রং করা হয়নি।’বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, প্রতি সপ্তাহে ওখানে দুর্ঘটনায় মানুষ মরছে, পঙ্গু হচ্ছে। স্কুলের সামনে কেউ গতি কমায় না। শিশু জুঁই মারা গেলে এলাকার লোকেরা সড়ক বন্ধ করে দিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক বিভাগের লোকদের ডেকে জরুরিভাবে গতিরোধক নির্মাণ করানো হয়েছিল।