১০০ গজে ১১ বিপণিবিতান একটিরও পার্কিং নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকার আশপাশের এই বিপণিবিতানগুলোতে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই l ছবি: প্রথম আলো
মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকার আশপাশের এই বিপণিবিতানগুলোতে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই l ছবি: প্রথম আলো

মিরপুর ১ নম্বর গোলচত্বরের ১০০ গজের মধ্যে আছে ১১টি বহুতল বিপণিবিতান। কিন্তু গাড়ি রাখার জন্য কারও নির্দিষ্ট কোনো জায়গা নেই। এসব বিপণিবিতানে আসা গাড়ি রাখা হয় সড়কের ওপর। বিপণিবিতানগুলোর সামনের ফুটপাত-সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। এতে করে একদিকে সারাক্ষণ যানজট লেগে থাকছে, অন্যদিকে পথচারী চলাচলেও সমস্যা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দেখা যায়, মিরপুর ১ নম্বর গোলচত্বরের তিন দিকের সড়কেই আছে বিপণিবিতান। টেকনিক্যাল মোড় থেকে প্রিন্সিপাল আবুল কাশেম সড়ক ধরে ১ নম্বরের দিকে এগোলে এক পাশে গার্মেন্টসের জিনিসপত্র বিক্রির মদিনা টাওয়ার, ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স এবং তার পাশের ভবনটি মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স। অন্য পাশে মিসকো সুপার মার্কেট ও ১ নম্বর সুপার মার্কেট।
রাজধানীর ব্যস্ততম জায়গাগুলোর একটি মিরপুর ১ নম্বর গোলচত্বর। যানজট, হকারদের চিৎকার মিলে সারাক্ষণই থাকে অরাজক অবস্থা। মিরপুর ১ নম্বর থেকে টেকনিক্যালের দিকে গাড়ি ঘোরানোর জায়গা না থাকায় অনেক যানবাহন উল্টো পথে চলে। ফলে বেশির ভাগ সময় যানজট মাত্রা ছাড়িয়ে যায়।
মিরপুর ১ নম্বর গোলচত্বরের পদচারী-সেতুর সিঁড়িসংলগ্ন মুক্তবাংলা শপিং কমপ্লেক্স। নয়তলার এ বিশাল বিপণিবিতানের নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ৫৫০টি দোকান এবং পঞ্চম তলা থেকে নবম তলা পর্যন্ত ২৪০টি অফিস স্পেস আছে। অথচ, বিপণিবিতানের নেই গাড়ি পার্কিংয়ের জায়গা। ভূগর্ভস্থ জায়গায় গড়ে উঠেছে ক্রোকারিজের দোকান, জামাকাপড় সেলাই করার দোকান।
বিপণিবিতানের কর্মকর্তা মো. জাফর আলী পাঠান বলেন, পার্কিংয়ে তেমন গাড়ি আসত না বলে দোকান দেওয়া হয়েছিল। রাজউকের পক্ষে পার্কিংয়ের জায়গার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই মাসের মধ্যে এক পাশে পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে, আর দোকানগুলো কিছুদিন পরে উঠিয়ে দেওয়া হবে।
জানতে চাইলে রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আসমাউল হোসেন প্রথম আলোকে বলেন, পার্কিংয়ে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রাজউক পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় উচ্ছেদ চালাচ্ছে। আর যেসব ভবনের পার্কিংয়ের জায়গা নেই, তাদের পার্কিংয়ের জায়গার ব্যাপারে কী করা যায়, সে ব্যাপারেও আলোচনা চলছে।
মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, বাগদাদ শপিং কমপ্লেক্স, মিরপুর বঙ্গবাজারের সামনের ফুটপাত এবং সড়কের একাংশজুড়ে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। বিপণিবিতানের সামনের ফুটপাত দখল করে এমনভাবে দোকান বসেছে, প্রথম দেখায় মনে হয়, এগুলোও বুঝি বিপণিবিতানের অংশ।
মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের ফুটপাতে লুঙ্গি, গামছা বিক্রি করছিলেন মো. সোহেল। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে শুনতেছি, আমাদের তুলে দিবে। এই দোকানের ওপরে ছয়জনের সংসার চলে। আমরা তো মাসে মাসে দোকান ভাড়া দেই। উঠায় দেওয়ার আগে আমাদের যাতে একটা ব্যবস্থা করে।’
বিপণিবিতানগুলোয় কয়েক হাজার দোকান আছে। এসব দোকানের ওপর নির্ভরশীল কয়েক হাজার পরিবার। পাশাপাশি এতগুলো মার্কেট থাকায় ব্যবসায়ীদের মধ্যেও গড়ে উঠেছে হৃদ্যতা। শাহ আলী শপিং কমপ্লেক্সের জেন্টস গ্যালারির মো. মনিরুজ্জামান বলেন, ‘দেখা যায় পাশের মার্কেটেই আত্মীয়, পরিচিতদের দোকান। তাই বিপদ-আপদে ব্যবসায়ীরা একে অপরের পাশে থাকার চেষ্টা করি।’
নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিলাসসামগ্রী—হেন কোনো পণ্য নেই, যা মিরপুর ১ নম্বরের এসব বিপণিবিতানে পাওয়া যায় না। সব ধরনের পণ্য এক জায়গায় থেকে কিনতে পারেন বলে মিরপুরবাসীর অনেকের কেনাকাটার পছন্দের জায়গা এসব বিপণিবিতান।
টোলারবাগ এলাকা থেকে কেনাকাটা করতে আসা কাওসার আহমেদ বলেন, যানজট আর ফুটপাতে দোকানপাট ঢাকার সব জায়গাতেই আছে। মিরপুর ১ নম্বরও এর ব্যতিক্রম নয়। কিন্তু এখানে কাছাকাছি দূরত্বে এতগুলো মার্কেট থাকায় সুবিধাই হয়।একটায় কিছু না পেলে পাশের মার্কেটে দেখা যায়।