১০০ গুলির উৎস আট দিনেও জানা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিঘি থেকে পিস্তলের ১০০ গুলি উদ্ধার করার আট দিন পরও এর উৎস জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

৩ মে দুপুরে চট্টগ্রাম নগরের এনায়েত বাজারের রানীর দিঘি থেকে পয়েন্ট টুটু বোর পিস্তলের ১০০টি গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এসব গুলির বেশির ভাগই তাজা। দিঘির পূর্ব পাড় থেকে প্রায় এক ফুট দূরে পানির নিচে এসব গুলি ছিল। পানির নিচে কংক্রিটের স্তূপ ছিল। এর মধ্যেই পলিথিন মুড়িয়ে এসব গুলি রাখা হয়। ওই দিন দিঘিতে গোসল সেরে পাড়ে ওঠার সময় এক কিশোরের পায়ে পলিথিনের একটি প্যাকেট আটকে যায়। সে প্রথমে ভেবেছিল, প্যাকেটে লোহার টুকরো রয়েছে। পরে প্যাকেট থেকে কয়েকটি টুকরো বের করে এনে দেখা যায় গুলি। খবর পেয়ে পুলিশ গুলিভর্তি প্যাকেটটি ওপরে তুলে আনে।

গুলি উদ্ধারের ঘটনাটির তদন্ত করছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এসআই কামাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখনো কিছুই জানা যায়নি। জড়িত কেউ শনাক্ত হয়নি।’ একই তথ্য জানান চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, বিভিন্নভাবে গুলির উৎস জানার চেষ্টা করা হচ্ছে।

রানীর দিঘির এলাকার কয়েকজন বাসিন্দা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, দূর থেকে কেউ এসে এই দিঘিতে গুলি ফেলে গেছে বলে তাঁরা মনে করেন না। আশপাশের এলাকায় থাকা কোনো সন্ত্রাসী কিংবা অস্ত্র ব্যবসায়ীর কাজ এটি। পুলিশের উচিত জড়িত ব্যক্তিদের শনাক্ত করা।