১০০ গ্রাম আট দিন ধরে অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের প্রায় ১০০ গ্রামে আট দিন ধরে বিদ্যুৎ নেই। ওই সব গ্রামের পোলট্রি খামার ও বিদ্যুৎনির্ভর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিদ্যুৎ না পেয়ে ওই সব গ্রামের পরিবারগুলো দুর্বিষহ জীবন কাটাচ্ছে।
গত ২৩ মে রাতে জয়পুরহাটের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। ওই ঝড়ে বিপুলসংখ্যক গাছপালা, বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে জেলার বিদ্যুৎ-ব্যবস্থা। ফলে জেলার ১০০ গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সদর উপজেলার পালি, চকমোহন, গুয়াবাড়ী, মীরগ্রাম চৌমুহনী, ঢোলপাড়া, চশপাড়া, কাদোয়া; ক্ষেতলালের দৌলতপুর, পাঁচুইল, খারিতা, পাঠানপাড়া, বেলগাড়ী, শশীগ্রাম; পাঁচবিবির শেখতা ডাঙ্গাপাড়া, চেঁচড়া, আটাপাড়া, পানিখুর, বেলখুরসহ প্রায় ১০০ গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। বিদ্যুৎ না পেয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামগুলোর পোলট্রি খামারিরা। বিদ্যুতের সংযোগ বন্ধ থাকায় পোলট্রি খামারগুলোতে পর্যাপ্ত বাতাস এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে না পারায় প্রচণ্ড গরমে মুরগি মারা যাচ্ছে।
মীরগ্রাম চৌমুহনী বাজারের পোলট্রি খামারমালিক আবদুল কুদ্দুস জানান, তাঁর খামারে গত আট দিনে ১ হাজার ৭০০ মুরগি মারা গেছে। পালি গ্রামের খামারি কমল চন্দ্র মিনজি জানান, তাঁর ৪০ দিন বয়সের সোনালি জাতের ১০০ মুরগি মারা গেছে। বিদ্যুৎ সরবরাহ এখনো বন্ধ থাকায় এলাকার খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন।
চৌমুহনী গ্রামের শিক্ষক শাহজাহান আলী জানান, বিদ্যুতের অভাবে বাড়িতে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। পাশাপাশি অসহ্য গরমে জনজীবনও অতিষ্ঠ হয়ে পড়েছে।
কালবৈশাখী ঝড়ে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে জেলার পাঁচটি উপজেলায় তিন শতাধিক বৈদ্যুতিক খুঁটি ও বেশ কয়েকটি ট্রান্সফরমার নষ্ট এবং প্রধান ও ফিডার লাইন থেকে তার ছিঁড়ে জেলার বিদ্যুৎ-ব্যবস্থা লন্ডভন্ড হয়ে যায়।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষেতলাল ও পাঁচবিবির এলাকা পরিচালক সোলায়মান আলী এবং এ টি এম মোকারম আজিজ বলেন, জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই ও ক্ষেতলাল উপজেলার বিভিন্ন গ্রামে বিচ্ছিন্ন বিদ্যুৎ-ব্যবস্থা
দ্রুত চালু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে। কয়েক দিনে বেশ কিছু গ্রামে বিদ্যুৎ-ব্যবস্থা সচল করা হলেও এখনো অনেক গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে বলে তাঁরা স্বীকার করেন।
পাঁচবিবি উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী হুজমায়ূন কবির বলেন, ঝড়ে পাঁচবিবির বিভিন্ন গ্রামে ৬৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এ ছাড়া বেশ কিছু ট্রান্সফরমার বজ্রপাতে নষ্ট হয়েছে। কিছু এলাকায় বৈদ্যুতিক তারও ছিঁড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল রোববার পর্যন্ত ৫৫টি খুঁটি পুনঃস্থাপন করে লাইন চালু করা হলেও এখনো অন্তত ২০টি গ্রাম অন্ধকারে আছে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, প্রচণ্ড ঝড়ে জেলার বিভিন্ন গ্রামে বৈদ্যুতিক লাইনের তিন শতাধিক খুঁটি ভেঙে গেছে। বেশ কিছু ট্রান্সফরমারও নষ্ট হয়েছে। ঝড়ের পর জেলায় ৭০-৮০টি গ্রামে এখনো বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া আছে। তিনি দাবি করেন, আগামী দু-তিন দিনের মধ্যে জেলার বাকি গ্রামগুলোতেও বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।