১০০ জন 'বাংলাদেশ' পরিবারের ৭ দিনের ভারত সফর

মানুষ গল্প বলতে ও দেখতে ভালোবাসে। ভালোবাসে আনন্দে দিনাতিপাত করতে। এক জীবন কারও কারও এইভাবেই কাটে পাখির ছন্দে। পাখিরা আকাশে ওড়ে, মানুষ মাটিতে থেকে আকাশ দেখে। তবে সে দেখা ও জানা কখনো একলা হয়, কখনো অনেকে একসঙ্গে। আর সংঘবদ্ধ হলেই আসে ভাবনা, পড়শি কেমন হবে, ভালো না মন্দ। উড়নচণ্ডী না দায়িত্বশীল, এ নিয়ে নানান কৌতূহল। কিন্তু যুগে যুগে ভ্রমণ করে সময়কে যাঁরা অসাধারণ করেছেন, প্রসঙ্গত তাঁরা কী বলেন। মরক্কোর পর্যটক ইবনে বতুতা বলেন, মানুষ যখন ভ্রমণে যায়, বিস্ময়ে হতভম্ব হয়। তারপর সেই গল্প না বলে পারে না। তাই একজন সাধারণ মানুষকে ভ্রমণ প্রথমে নির্বাক করে দেবে, তারপর গল্প বলতে বাধ্য করবে। ফরাসি গল্পকার গুস্তাভ ফ্লুবেয়ার বলেন, ‘ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে। সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র্র।’
প্রথমে আমিও কৌতূহলী ছিলাম কেমন হবে যাত্রা! দুশ্চিন্তার কারণ পাইনি, কারণ শত যুবার প্রত্যেকেই ছয় মাস ধরে যাচাই-বাছাই করে নির্বাচিত। তবে কোথায় কে কী করবেন, তা নিয়ে ভাবনা ছিল। দেখতে না দেখতেই সময় কেটে গেছে। ইন্টারভিউ থেকে শুরু করে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সংবর্ধনা অনুষ্ঠানের পর এক সপ্তাহের ভারত সফরে ১০০ তরুণের সঙ্গে গভীরভাবে মেশার সুযোগ হয়েছে। কারণ, এ সফরের অন্যতম উদ্দেশ্য দুই দেশের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য জ্ঞান বিনিময় করে নিজেদের আরও সমৃদ্ধ করা।
এই ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া’ শুরু হয় ২০১২ সালে। আমরা ছিলাম সপ্তম ব্যাচ। এতে দেশের বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশার ৪০ জন নারী ও ৬০ জন পুরুষ ছিলেন। তাঁদের মধ্যে যেমন আছেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী; তেমনি ছিলেন কবি, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সাংবাদিক, শিল্পী, ক্রীড়াবিদ, মডেল, রেডিও জকি; আছেন মানবিক ও বিজ্ঞানের শিক্ষার্থী, সমাজকর্মীও। প্রত্যেকেরই রয়েছে নিজস্ব পরিচয়। সবাই মিলে হয়ে ওঠেন যেন একটি ‘বাংলাদেশ’ নামক পরিবার।
তবে, প্রতিটি দিনই খুব সূচি মেনে চলতে হয়েছে। দিল্লি, আগ্রা, হায়দরাবাদ, তেলেঙ্গানার বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরতে গিয়ে কখনো সূচির এদিক-ওদিক হয়েছে। তবে যে সূচি ছিল, তার অধিকাংশ ঘুরে দেখা গেছে। আর সব সময়ই এই ১০০ তরুণের সঙ্গে অভিভাবক হয়েছিলেন বাংলাদেশে ভারতীয় দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব নবনীতা চক্রবর্তী এবং সফরের সমন্বয়ক ভারতীয় হাইকমিশনে কর্মরত কল্যাণ কান্তি দাশ।

২.
যাত্রার শুরু ভারতীয় হাইকমিশনের আয়োজনে ২৭ মার্চ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশেষ অতিথি সাংসদ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছিলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসও।
স্বজনদের সবার শুভাশীষ নিয়ে পরদিন ২৮ মার্চ সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লি, আগ্রা ও হায়দরাবাদে আট দিনের সফর শুরু। ওই দিনই দিল্লি পৌঁছে যাই আমরা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের স্বাগত জানায় ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমরা ছিলাম দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনির সুরিয়া হোটেলে।
বাহারি নাশতা শেষে সকালে ভারতের পার্লামেন্ট ভবনের দিকে রওনা হই। তবে প্রতিবছর ইয়ুথ ডেলিগেশন টিম ভারতে এলেও এবারই প্রথম সুযোগ হয়েছে সংসদে যাওয়ার। অবিভক্ত ভারতবর্ষের সময়কার ব্রিটিশ স্থাপত্যশৈলীর ওপর আধুনিকায়নে যেন আভিজাত্যের পরিচয় মেলে এই সংসদে। এককথায় পার্লামেন্ট ভবনের সৌন্দর্য বিস্মিত করে সবাইকে। সারিবদ্ধভাবে ঢুকতেই অতিথি হলে ব্রিফিং শেষে পার্লামেন্টের সামনে গিয়ে গ্রুপ ফটোবন্দী হন ডেলিগেটরা। এরপর তাঁদের দ্বিকক্ষবিশিষ্ট সংসদের নিম্নকক্ষ লোকসভায় নিয়ে যান রমেশ কুমার।
সংসদ পরিদর্শন শেষে ডেলিগেটরা আসেন অতিথি হলে। এখানে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভারতের ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এস এস আহলুওয়ালিয়া। তাঁর সঙ্গে ছিলেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব কল্পনা শর্মা। এস এস আলুওয়ালিয়ার সঙ্গে সাক্ষাৎ সবচেয়ে ভালো লেগেছে, কারণ পাঞ্জাববাসী এই সাংসদ আমার সঙ্গে বাংলায় কথা বলেছেন। শত যুবার পরিচিতি পর্বে সবাই ইংরেজিতে পরিচয় দিয়েছেন। একমাত্র আমি বাংলায় পরিচয় দিতেই আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে নিজের বাংলা জানা নিয়ে সবিস্তার আলাপ জমান প্রতিমন্ত্রী। একজন পাঞ্জাব অধিবাসীর মুখে স্বদেশির মতো বাংলা শুনছি, সে অন্য রকম এক পরিবেশ। এক বক্তব্যে মন্ত্রী জানান, কীভাবে স্বাধীনতাযুদ্ধের সময় পাশে থেকে বাংলাদেশকে সাহায্য করেছে ভারত। সার্বিকভাবে আমার মতো অনেকের মনটা জুড়িয়ে গেল। লোকটি যেন সবার ভালোবাসার প্রতীক হয়ে গেলেন। তাঁর সঙ্গে কাটানো কিছু সময় যেন অসামান্য হয়ে থাকল। এরপর যাই ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টে, এখানে ভারতের সংস্কৃতি ধরে রাখার অসাধারণ উদ্যোগ লক্ষ করার মতো।
এরপর ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ও ইন্ডিয়া গেট পরিদর্শন করি। আমরা দেখি ইতিহাস-ঐতিহ্য ছাপিয়ে পর্যটনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা ইন্ডিয়া গেট। তার আশপাশ তখন স্থানীয় ও বিদেশি পর্যটকদের পদচারণে মুখর। তবে ডেলিগেশন টিমকে মেমোরিয়ালে ঢোকার আগে সংক্ষিপ্ত ব্রিফ দেন এই সৌধ কমপ্লেক্সের গ্রুপ ক্যাপ্টেন এ আর এন শর্মা। তাঁর ভাষ্যে এই মেমোরিয়ালকে সেই সব শহীদ সেনার উদ্দেশে উৎসর্গ করা হয়েছে, যাঁরা ১৯৬২ সালে ইন্দো-চীন যুদ্ধ, ১৯৪৭, ১৯৬৫ এবং ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ, কার্গিল যুদ্ধ ১৯৯৯ এবং শ্রীলঙ্কায় ভারতের শান্তি বাহিনীর অভিযানে শহীদ হয়েছিলেন।
ব্রিটিশ আমলে ১৯২১ সাল থেকে প্রায় ১০ বছর ধরে নির্মিত হয় যুদ্ধস্মৃতির মিনার ইন্ডিয়া গেট। প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানো প্রায় ৯০ হাজার সৈন্যের স্মরণে গড়ে তোলা সৌধ ৪২ মিটার উঁচু। লাল ভরতপুর পাথরের ওপর এ স্থাপনায় গ্রানাইড ও বালিপাথরও ব্যবহার করা হয়েছে। ওপরে ওঠার সিঁড়ি থাকলেও সেটি এখন বন্ধ। গেটের চূড়ায় বড় করে লেখা ইন্ডিয়া ও ভারত। খিলানের গায়ে খোদাই করা ১৩ হাজারের বেশি ব্রিটিশ ও ভারতীয় সৈন্যের নাম।
ইতিহাসের ছবি মনে ও ফোনে নিয়ে হোটেলে ফিরি। তারপর পুরো সন্ধ্যা মাতিয়ে রাখেন ভারতীয় যুব মন্ত্রণালয়ের আয়োজনে লালনসংগীতশিল্পী কহিনুর আক্তার গোলাপী ও রবীন্দ্রসংগীতশিল্পী নুর-ই রাজিয়া মম। বাঁশির সুরে মুগ্ধতা ছড়ান প্রকট চাকমা। সবাই তন্ময় হয়ে সন্ধ্যাটি উপভোগ করেন। এমন আয়োজনের জন্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান বাংলাদেশে ভারতীয় দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব নবনীতা চক্রবর্তী।

৩.
মানুষ চমকিত হতে ভালোবাসে। আর সেটা যদি হয় কোনো উৎসবে,তাহলে তো কথায় নেই। তেমনি বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিম ভারতে রওনা দেওয়ার সময় কোন এলাকায় যাবে, সে সম্পর্কে সামান্য ধারণা পেলেও ঠিকঠাক খবরটা ‘সারপ্রাইজ’ হিসেবে রাখত। প্রতিদিন ঘুরে এসে বিশ্রাম আর নৈশভোজের পর রাতে জানাত পরের দিনের যাপন পরিকল্পনা। সেই কল্পনায় পরের দিন সকালে আগ্রার উদ্দেশে যাত্রা। সেখানে আমরা তাজমহল ও মোগল সম্রাটদের প্রধান বাসভবন বা প্রাসাদ আগ্রা ফোর্ট পরিদর্শন করি। আর আগ্রা ফিরে কবি ও সাংবাদিক হুসাইন আজাদ লিখেন, প্রিয়তমার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তাজমহল বানালেও একটিবারের জন্যও সম্রাট শাহজাহান এটিকে ছুঁয়ে দেখতে পারেননি, এমনকি মহলের প্রাঙ্গণে পা পর্যন্ত রাখতে পারেননি। এটি নির্মাণের একেবারে শেষ পর্যায়ে শাহজাহানকে বন্দী করে ফেলেন তার ‘ক্ষমতালিপ্সু’ পুত্র আওরঙ্গজেব। শাহজাহানকে রাখা হয় তাজমহলের আড়াই কিলোমিটার দূরে আগ্রা দুর্গে। গাইডের মুখে ইতিহাসের এই শ্রুতি শোনার পর কারও কারও মুখে যেন বিষাদের ছায়া পড়ে যায়। এর বাইরেও জনশ্রুতি আছে, মোগল রাজবংশের প্রতীক এ দুর্গ থেকে তাজমহলও দেখা যায়। এ দুর্গেই আওরঙ্গজেব তাঁর বাবা শাহজাহানকে মার্বেলের ঘরে বন্দী করে রেখেছিলেন। এ ঘর থেকেই তাজমহল দেখে মুগ্ধ হতেন শাহজাহান। শেষে মৌসাম্মান বুর্জ নামে ঘরটিতেই মৃত্যুবরণ করেন শাহজাহান। তাজমহল ও আগ্রা ফোর্ট ঘুরে আবার হোটেলে ফেরা হয়। চোখের পলকে যেন দিনটি শেষ হয় এবং বিরহের সুর নিয়ে অনেকে হোটেলে ফেরেন।
পরের দিন সকালে ডেলিগেশন মেম্বার বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের জন্মদিন। কেক কেটে উদযাপন করি সবাই। তারপর হাসিমুখে হেলেদুলে হিন্দুদের ঐতিহ্যবাহী অক্ষরধাম মন্দিরে যাই। এটি ভারতবর্ষের অন্যতম বড় মন্দির! গাইড জানান, এতে ভারতীয় শিল্প, মূল্যবোধ ও মানবসেবা ব্রতী করে এমনই নিদর্শন স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। সাত হাজার শ্রমিকের পাঁচ বছর পরিশ্রমের ফলে নয়নাভিরাম রূপ লাভ করেছে ১০০ একর বিস্তৃত উপাসনালয়টি। ভেতরে ঢুকতে চোখে পড়বে দশদ্বার, যা দশটি প্রবেশদ্বারের স্মারক হয়ে জানাচ্ছে মঙ্গলবারতা। আমরা দেখলাম, মন্দিরটি গোলাপি পাথর ও শ্বেতমর্মরে নির্মিত। এটি ১৪১ ফুট উঁচু ৩১৬ ফুট পার্শ্ব এবং ৩৫৬ ফুট দীর্ঘ এই মন্দিরে সূক্ষ্ম কারুকার্য খচিত ২৩৪টি স্তম্ভ, ৯টি জমকালো গম্বুজ, ২০টি চূড়া এবং ২০ হাজারের অধিক ভাস্কর্য রয়েছে। এই স্থাপত্যে কোনো ইস্পাত ব্যবহার করা হয়নি বলে জানা গেল। অন্যদিকে কেবল ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির স্মারকই নয়, একুশ শতকের বিস্ময়ও বটে। তবে মন্দিরে ঢুকতে হলে কঠোর নিরাপত্তাবেষ্টনী পার হতে হয়, মোবাইল জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে, ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। তাই আপাতত মনের স্মৃতি নিয়ে পরে তেলিঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করি।
পরের দিন ঘুমঘুম সকালে বিদ্যানগর ক্যাম্পাসে অবস্থিত ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করি। তথ্যচিত্রে দেখলাম কীভাবে দক্ষ ভারতীয় নাগরিক তৈরি হচ্ছে। শিক্ষক ও গাইড প্রায় ঘণ্টাব্যাপী ঘুরে ঘুরে দেখালেন সচিত্র বয়ান। এক সুযোগে ইনস্টিটিউিটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হলাম। জানলাম এই জনপদের মানুষ তেলেগু ভাষায় কথা বলে। বাংলাদেশ সম্পর্কে জানাশোনা খুব কম তাদের। ক্লাস টিচারের সঙ্গে পরিচয় হওয়ার পর শিক্ষার্থীদের সঙ্গে ১০ মিনিট কথা বলার সুযোগ দেয়। এর মাঝে চেষ্টা করেছি বাংলাদেশ নিয়ে কিছুটা ধারণা দেওয়ার। পরে তাঁরা আরও আগ্রহী হয়ে ওঠেন। তারা খুব আনন্দ পেয়েছেন, বাংলাদেশের ঐতিহ্য এত শক্তিশালী ও সমৃদ্ধ। আমিও চেয়েছি জানতে চেয়েছি তাঁদের ভাষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য; জানাতে চেয়েছি শ্যামল বাংলার অসামান্য গল্প!
পরের দিন আমরা যাই রামুজি ফিল্ম সিটিতে, যার অবস্থান তেলেঙ্গনার প্রায় দুই হাজার একর এলাকাজুড়ে। এটি নির্দিষ্ট তিনটি গাড়িবহরে দেখে সবাই। বিশ্বের সবচেয়ে বড় স্টুডিও কমপ্লেক্স হিসেবে গিনেস বুকে স্থান করে নিয়েছে। এর আয়তন ১ হাজার ৬৬৬ একর বা ৬ বর্গকিলোমিটারের বেশি। গাইড জানান, প্রায় ২০০০ হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালয়, কন্নড় ভাষার চলচ্চিত্র ও বহু বিদেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে এখানে। বাহুবলী ১ ও ২, মুন্না ভাই এমবিবিএস, ‘রা.ওয়ানসহ অসংখ্য ব্যবসাসফল ছবির শুটিং হয়েছে এখানেই।
১৯৯৬ সালে নির্মিত এই সিনে সিটি যেন বাস্তব আর কল্পনা এবং প্রকৃতি ও কৃত্রিমতার মিশেলে গড়ে তোলা এক স্বপ্নপুরী। ছিমছাম পরিচ্ছন্ন রাস্তা, সবুজ ঘাসের গালিচা আর হরেক রকমের ফুলের বাগানে এই সিটি যেন দক্ষ শিল্পীর নিপুণ হাতে আঁকা এক নয়নাভিরাম চিত্রপট। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের স্বীকৃতি অনুযায়ী, এই ফিল্ম সিটির স্টুডিওই বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম স্টুডিও কমপ্লেক্স। সারা দিন কেটে যায় অনিন্দ্য সুন্দরে!
পরের দিন যাই হায়দরাবাদের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান জহওরলাল নেহরু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের ফটক দিয়ে ঢুকতেই গাঁদা, গোলাপের পাপড়িসহ হরেক ফুলে গালিচায় সাজানো এক স্বাগত-সম্ভাষণ, ‘ওয়েলকাম বাংলাদেশ ডেলিগেটস’। এমন উষ্ণ অভ্যর্থনাই দিল বাংলাদেশ ও ভারতের যুব শ্রেণির মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস স্কিমের আওতায় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ শিরোনামের উষ্ণ অভ্যর্থনা। পরে দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রাথমিক আলোচনা শেষে একের পর এক তেলেগু ও হিন্দি ভাষার গানে মিলনায়তন-ভর্তি দর্শক-শ্রোতা মেতে ওঠে নৃত্যোল্লাসে। তখন স্বাগতিক-অতিথি যেন মিলে যায় এক সুতোয়। কেউ একজন তখন বলছিলেন, একটি গোষ্ঠীকে আরেকটি গোষ্ঠীর নৈকট্যে আনার ক্ষেত্রে সংগীতের মতো কার্যকর কিছু হতে পারে না। অনুষ্ঠান শেষে যখন ডেলিগেটরা স্বাগতিকদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছিলেন, তখন যেন এই কথার ছাপ স্পষ্ট হচ্ছিল কয়েক ঘণ্টার মধ্যে আপন হয়ে যাওয়া তেলেঙ্গানার শিশু-কিশোর-কিশোরী আর তরুণ-তরুণীদের মুখে। মঞ্চে পরিবেশিত হয় ১১টি প্রধান ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল নাচের অন্যতম কুচিপুরি নৃত্য। এরপর গিটার হাতে সুর তোলেন হায়দরাবাদে অধ্যয়নরত বাংলাদেশি দীপেন চক্রবর্তী। তিনি বাংলায় তিনটি গানের পাশাপাশি হিন্দি এবং তেলেগুতেও একটি করে গান পরিবেশন করেন। এরপর ফটকে যে শিশুর দল স্বাগত জানিয়েছিল ডেলিগেশন টিমকে, তাদের ১৪ জন পরিবেশন করে নৃত্য। এই শিশুদের নৃত্য পরিবেশনের সময় হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। সঙ্গে বাংলাদেশিরাও বাংলা গান নিয়ে অংশগ্রহণ করেন।
পরের দিন সকালে হায়দরাবাদ সফরের শেষ দিনে সবাই যাই পুলেলা গোপিচাঁদ নিমাগাদা ফাউন্ডেশন ব্যাডমিন্টন একাডেমিতে। সেখান থেকে সালার জং মিউজিয়াম ও গোলকন্দা ফোর্টে। এই ফোর্টের রয়েছে অসামান্য ইতিহাস। এটি এই শহরের পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ের ওপর অবস্থিত এমন এক কেল্লা, যেখানে থেকে মধ্যযুগে যাদব, কাকাতিয়া ও কুতুবশাহি সাম্রাজ্য পরিচালিত হতো। তা দেখতে দেখতে লালিমা সন্ধ্যায় শুরু হয় ‘সন এত লুমিয়েরে’ বা ‘সাউন্ড অ্যান্ড লাইট শো’, এটি ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের, যা ১৯৯২ সালে নির্মিত। অমিতাভ বচ্চনের ভারী গলায় একের পর এক আসতে থাকে বর্ণনা। ফাঁকে পরিপূরক হিসেবে শোনা যায় কবিতা কৃষ্ণমূর্তিসহ আরও কিছু শিল্পীর গলা। হায়দরাবাদে কোহিনুরের খনি, কুচিপুরি নৃত্য, রামদাশের কারাবন্দিত্ব ও পরে মুক্তির বিষয় তুলে ধরার পাশাপাশি আবদুর রাজ্জাক লারির বিশ্বাস ও আবদুল্লাহ খান পান্নির বিশ্বাসঘাতকতার কথাও তুলে ধরা হয় ধারা বর্ণনায়। অর্থাৎ আমাদের পরিচয় ঘটে ১৬শ শতকের কুতুবশাহি বংশের এক কন্যা অসম্ভব বিচক্ষণ ও ব্যক্তিত্বময়ী নারী হায়াত বকশি বেগমের সঙ্গে। এরপর গোলকোণ্ডা দুর্গ স্থাপন, উত্থান, পতনের ফলে কী কী ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটে, কীভাবেই বা বদলে যায় সমস্ত কিছু পুরোটাই এক ভ্রমণগাথার মাধ্যমে তুলে ধরেছেন কথিকায়। কিন্তু ২০১৯-তে বসেও যখন আলোচনাটা পুরোটাই হয় বৈঠকি ছন্দে!
প্রত্যেকবার ভাষ্য দেওয়ার সময় কেল্লার আলাদা আলাদা অংশে লাল-নীল-সবুজ প্রভৃতি বাতি জ্বালিয়ে নির্দেশকেরা যেন দর্শনার্থীদের সেই কুতুবশাহি যুগে নিয়ে যাচ্ছিলেন বারবার। প্রায় এক ঘণ্টার সাউন্ড অ্যান্ড লাইট শোর শেষাংশেও জগজিৎ সিংয়ের গান বাজানো হয়। তবে প্রথমে যে সুরটা মনোযোগ নিয়েছিল শোতে, শেষে গানের সুর যেন বিষাদ লেপ্টে ছিল ভাবনার জগতে।
অন্যদিকে হায়দরাবাদ সফরে বিখ্যাত হায়দরাবাদি বিরিয়ানি ছিল প্রতিনিধিদের রসনা বিলাসের অন্যতম আকর্ষণ। এরপর ৪ এপ্রিল কলকাতা হয়ে বাংলাদেশে ফিরে আসি। মনে হয় রবি ঠাকুরের ছোটগল্পের মতো শেষ হয়েও হইল না শেষ! তবে আশা করেছিলাম আমাদের মতো নির্বাচিত ভারতীয় একদল তরুণদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হবে। কিন্তু সেটা হয়নি। আগামী দিনে এ ধরনের তারুণ্যনির্ভর সময়ের মুখোমুখি প্রাপ্তির খাতায় যোগ করবে নতুন দিগন্ত। সব মিলিয়ে প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েই মানুষের জীবন!
তবু ধন্যবাদ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনকে। তাদের মাধ্যমে প্রতি বছর ১০০ তরুণ বাংলাদেশের প্রতিনিধি হয়ে ভারত সফরের যান। দেখে শেখার, নতুন বন্ধু তৈরি করার, আত্মবিশ্বাসী হয়ে ওঠার সুযোগ পান। সেই সঙ্গে এক ধরনের ভবিষ্যৎ পথচলার শিক্ষাও হয়। এবার সেই ১০০ জনের মধ্যে একজন ছিলাম আমি। মিস করি শতজনের শত রকমের গল্প।
ইমরান মাহফুজ: কবি ও গবেষক