সরকারিভাবে কর্মী পাঠানোর জন্য ঢাকার মালয়েশিয়া দূতাবাসে গতকাল মঙ্গলবার ১০০ জনের ভিসার আবেদন জমা দেওয়া হয়েছে। আজ বুধবার আরও ১০০ জনের ভিসার আবেদন জমা দেওয়া হবে। সরকার আশা করছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই কর্মী যাওয়া শুরু হবে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএমইটির কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহে মালয়েশিয়া ঢাকায় জানিয়েছিল, তারা ২০০ জনের ভিসার অনুমতিপত্র (ভিসা উইথ রেফারেন্স-ভিডব্লিউআর) পাঠানোর প্রক্রিয়া শেষ করেছে। সে অনুযায়ী আবেদনপত্রসহ সব কিছু পূরণ করে রাখা হয়। গতকাল দুপুরে ভিডব্লিউআর আসার পরপরই ১০০ জনের ভিসার আবেদন দিয়ে আসা হয় ঢাকায় মালয়েশিয়ার দূতাবাসে। আজ তাঁদের ভিসা পাওয়া যাবে। বাকি ১০০ জনের আবেদনও আজ জমা দেওয়া হবে। তবে ভিসা পেলেও তা কর্মীকে হস্তান্তর করা হবে না; বরং যে তারিখে নিয়োগকর্তারা কর্মীদের গ্রহণ করতে পারবেন, সে অনুযায়ী তারিখ ঠিক করে বিমানের টিকিট করা হবে।প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘সবকিছু চূড়ান্ত। আমরা আশা করছি, আগামী সপ্তাহ থেকেই কর্মীরা মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে। আমরা এখনো সুনির্দিষ্ট তারিখ বলছি না। তবে ২৫ থেকে ২৭ এপ্রিলের মধ্যেই তাঁরা যাবেন।’২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর সেখানে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ৩০ ডিসেম্বর মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতে ১০ হাজার কর্মীর চাহিদাপত্র পাঠায়। এ বছরের ১৩ থেকে ২১ জানুয়ারি সারা দেশে আগ্রহীদের নাম নিবন্ধন হয়। নাম নিবন্ধন করা ১৪ লাখ ৪২ হাজার ৭৭৬ জনের মধ্য থেকে ৩৬ হাজার ৩৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। সেখান থেকে লটারিতে ১০ হাজার ৫৭৮ জন নির্বাচিত হন। তাঁদের প্রথম দফায় মালয়েশিয়ায় যাওয়ার কথা।বিএমইটি সূত্র জানায়, নির্বাচিত কর্মীদের স্বাস্থ্যপরীক্ষা, প্রশিক্ষণসহ সব কার্যক্রম গত ফেব্রুয়ারি মাসেই সম্পন্ন হয়।