১০০ জনের সাক্ষ্য নিয়েছে তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই সদস্যের তদন্ত দল রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া গণহত্যার ঘটনায় গতকাল রোববার অন্তত ১০০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। তদন্ত দলের দুই কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান ও পুলিশ ইন্সপেক্টর শ্যামল চৌধুরী এ সাক্ষ্য গ্রহণ করেন। পরে তাঁরা বধ্যভূমি পরিদর্শন করেন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ১৩ এপ্রিল থানাপাড়া গ্রামের মানুষেরা শুনতে পান পাকিস্তানি সেনারা আসছে। গ্রামের নারী ও পুরুষেরা তাঁদের শিশুদের নিয়ে দক্ষিণ দিকে পদ্মা নদীর ধারে পালিয়ে যান। কিন্তু একপর্যায়ে পাকিস্তানি সেনারা সেখানে হাজির হয়। তারা নারী ও শিশুদের পৃথক করে। পরে শতাধিক পুরুষকে গুলি করে হত্যা করে। পরে তারা লাশগুলো স্তূপ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তদন্ত কর্মকর্তারা গতকাল সকাল সাড়ে নয়টা থেকে চারঘাটের থানাপাড়ায় একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণকেন্দ্রে একাত্তরে স্বজনহারা মানুষদের সাক্ষ্য গ্রহণ শুরু করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষ্য দেওয়ার সময় চারঘাটের পৌর কাউন্সিলর আজমল হোসেন (৫৩) তদন্ত দলকে জানান, একাত্তরের ১৩ এপ্রিল তাঁর বাবা আবদুর রহমান, ভাই আতাউর রহমান ও চাচা তঞ্জুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। ওয়াজান বেওয়া (৬৩) জানান, ওই দিন দুই শিশুসন্তান নিয়ে স্বামীর সঙ্গে নদীর ধারে পালিয়ে গিয়েছিলেন। সেখান থেকে সন্তানসহ তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তাঁর স্বামী নুরুল ইসলাম খলিফা ও দেবর ইবনে সাউথকে হত্যা করা হয়। বেলা পৌনে দুইটা পর্যন্ত একে একে অন্তত ১০০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় চারঘাট থানার পরিদর্শক (তদন্ত), উপপরিদর্শক (এসআই) আবু হাসান উপস্থিত ছিলেন। সাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত দলের কর্মকর্তারা পদ্মা নদীর ধারে বধ্যভূমি পরিদর্শন করেন। পরে তাঁরা পুঠিয়ার বিড়ালদহে গণকবর পরিদর্শন করেন। সেখান থেকে তদন্ত দলটি ঢাকার উদ্দেশে রওনা হয়। চারঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তারা বলেন, অনেক তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তাঁরা।