১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ড্র ১ ফেব্রুয়ারি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৮তম ড্র আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালকের (জনসংযোগ) পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ওই ড্র অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় এক দিন পিছিয়ে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিংগল কমন ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্রতে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
ড্রয়ের ফলাফল পরের দিন ২ ফেব্রুয়ারি সোমবার জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।