১০০ টাকার অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের চংশোলাকিয়া এলাকার হাবিবা আক্তারের রাত সোয়া তিনটার দিকে প্রসব ব্যথা ওঠে। স্বজনেরা বুঝে উঠতে পারছেন না কী করবেন। এ সময় এক প্রতিবেশী মুঠোফোনে ডাকেন গ্রামীণ অ্যাম্বুলেন্স। কিছুক্ষণের মধ্যেই হাজির অ্যাম্বুলেন্স।

সদর উপজেলার মহিনন্দ এলাকার শহর উদ্দিনরাত সাড়ে তিনটার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হন। ডাকা হয় গ্রামীণ অ্যাম্বুলেন্স।

এভাবেই রোগীদের সেবা দিয়ে আসছে গরিবের অ্যাম্বুলেন্স হিসেবে পরিচিত গ্রামীণ অ্যাম্বুলেন্স। স্থানীয় সরকার সহযোগিতা প্রকল্পের (এলজিএসপি-২) অর্থায়নে সদর উপজেলার১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) এ ধরনের ১১টি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। কিশোরগঞ্জ শহরের আশপাশের এলাকাসহ হাসপাতাল প্রাঙ্গণে প্রতিদিনই চোখে পড়ে ‘সেবা নিন, সুস্থ থাকুন’ স্লোগানসংবলিত এসব অ্যাম্বুলেন্স।

মহিনন্দ ইউনিয়নের গ্রামীণ অ্যাম্বুলেন্সের চালক মো. বাদশা মিয়া বলেন, ‘হাবিবা আক্তার ও শহর উদ্দিনকে তিনিই হাসপাতালে নিয়েছিলেন। তাঁরা সুস্থ আছেন। এটা সেবামূলক কাজ। রোগীকে ঠিক সময়ে হাসপাতালে পৌঁছানোর পর যখন সুস্থ হয়ে ফিরতে দেখি, তখন মনে প্রশান্তি পাই। তবে গভীর রাতে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনারও সম্মুখীন হতে হয়। ইউপি থেকে আমাদের দিনে দেড় শ করে টাকা দেওয়া হয়।’

ব্যাটারিচালিত ইজিবাইকের আদলে এক বিছানা ও চার-পাঁচজন বসার উপযোগী করে তৈরি এসব অ্যাম্বুলেন্স। ইউপি থেকে এর ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা। অনেক সময় বিনা পয়সায়ও রোগীদের সেবা দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, জেলার দরিদ্র অন্তঃসত্ত্বা নারী, শিশুসহ জটিল রোগীদের স্বাস্থ্যসেবায় এবং দ্রুত হাসপাতালে আনা-নেওয়ার জন্য দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে এসব অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে ৯ জানুয়ারি থেকেএসব অ্যাম্বুলেন্স চালু করা হয়। নামকরণ করা হয়েছে গ্রামীণ অ্যাম্বুলেন্স।

ইউএনও মো. আবদুল্লাহ আল মাসউদ বলেন, গ্রামীণ জনপদে মাতৃ ও শিশুসেবা অনেকটাই চ্যালেঞ্জের মুখোমুখি। সে জন্য প্রতিটি ইউনিয়নে যাতে মা ও শিশুকে কম খরচে, কম সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে গ্রামীণ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, আগে পরিবহনসংকটের কারণে অনেক মা ও শিশু সময়মতো চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে পারতেন না। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটত। এখন জরুরি সময়ে এসব অ্যাম্বুলেন্স পাওয়া যায়।

 কাশোয়ারচর এলাকার জাকিয়া আক্তার বলেন, ‘গ্রামীণ অ্যাম্বুলেন্স থাকায় গভীর রাতেও অল্প টাকায় সেবা পেয়েছি।’

জেলা সিভিল সার্জন মো. হাবিবুর রহমান বলেন, গ্রামীণ জনপদে যেখানে সরকারি অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না, সেখানে সহজেই পৌঁছাতে পারবে গ্রামীণ অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স চালু হওয়ায় স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হয়েছে; যা এলাকার গরিব রোগীদের অনেক উপকারে আসবে।