১০০ টাকার জন্য দম্পতিকে পেটালেন দাদন ব্যবসায়ীরা
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১০০ টাকার জন্য দাদন ব্যবসায়ীরা এক দম্পতিকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার পুলিশ সাফায়েত আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বদরগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, চার মাস আগে উপজেলার কাঁচাবাড়ি হাটখোলাপাড়া গ্রামের দীপক রায় স্থানীয় একটি সমিতি থেকে এক হাজার টাকা দাদন নেন। এক মাসের মধ্যে এক হাজার ২৫০ টাকা পরিশোধ করার কথা ছিল তাঁর। ওই সময়ের মধ্যে তিনি এক হাজার ১৫০ টাকা পরিশোধ করেন। বাকি ১০০ টাকা পরিশোধ না করায় গত মঙ্গলবার সন্ধ্যায় কাঁচাবাড়ি হাটের পাশে ওই সমিতির দাদন ব্যবসায়ীরা দীপককে মারধর করেন। খবর পেয়ে দীপকের স্ত্রী অনিমা বালা ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধর করেন দাদন ব্যবসায়ীরা।বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন চাকি জানান, এ ঘটনায় গত বুধবার দীপক রায় বাদী হয়ে মশিয়ার রহমান, মফিজল ইসলাম, হেলাল উদ্দিন ও সাফায়েত আলীকে আসামি মামলা করেন। গতকাল সাফায়াতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।