১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারকে ১০ টাকায় রূপান্তর করে ‘ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বিল, ২০১৪’ গতকাল সোমবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করেন।
পরে বিলটি এক সপ্তাহের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলের ১৮ দফায় বলা হয়েছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুমোদিত শেয়ার মূলধন হবে এক হাজার কোটি টাকা, যা প্রতিটি ১০ টাকা মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। তবে সরকার সময়ে সময়ে শেয়ার মূলধন বাড়াতে পারবে।
করপোরেশনের পরিশোধিত মূলধন হবে ৪২১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, যা সময়ে সময়ে সরকারের অনুমোদন নিয়ে বাড়ানো যাবে। করপোরেশনের শেয়ার মূলধন সরকারিভাবে ২৭ শতাংশ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ২৪ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও জনসাধারণ কর্তৃক ৪৯ শতাংশ হারে সংগৃহীত হবে।
বিলে বলা হয়েছে, একজন চেয়ারম্যান, একজন ব্যবস্থাপনা পরিচালক ও সাতজন পরিচালক নিয়ে করপোরেশনের বোর্ড গঠন করা হবে। চেয়ারম্যান ও তিনজন পরিচালককে সরকার মনোনীত করবে। চারজন পরিচালক শেয়ারহোল্ডারদের মাধ্যমে তিন বছরের জন্য নির্বাচিত হবেন। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
বিলের ১৭ দফায় বলা হয়েছে, করপোরেশন সব অথবা অধিকাংশ শেয়ার ধারণ করে কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবে এবং এই কোম্পানির নিজস্ব পরিচালনা বোর্ড থাকবে।
বিলটি উত্থাপনের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, আজ মঙ্গলবার সংসদে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা হবে।
সবশেষে সংসদের অধিবেশন আজ বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।