১০০ ডিজিটাল সংযোগ তিন বছর বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের ২৪০টি সংযোগের মধ্যে শতাধিক সংযোগ তিন বছর ধরে বিকল। গ্রাহকদের পক্ষ থেকে কর্তৃপক্ষকে জানানো হলেও এগুলো মেরামত করা হয়নি। এ সত্ত্বেও অনেক গ্রাহককে প্রতি মাসে বিল গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।ত্রিশাল টেলিফোন এক্সচেঞ্জের কার্যালয় সূত্র জানায়, এক্সচেঞ্জের ৩০০টি সংযোগ দেওয়ার সক্ষমতা আছে। আগে ৩০০ গ্রাহক থাকলেও তার (কেব্ল) ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক গ্রাহক তাঁদের সংযোগ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন। তবে বর্তমানে গ্রাহক সংযোগ আছে ২৪০টি। একই সমস্যার কারণে এ ২৪০টির মধ্যে শতাধিক সংযোগ তিন বছর ধরে বন্ধ রয়েছে। দরগাহ রোডের গ্রাহক ব্যবসায়ী শেখ আজিজুর রহমান জানান, তাঁর সংযোগটি তিন বছর ধরে বিকল। টেলিফোন কার্যালয়কে বারবার জানালেও কোনো সমাধান হয়নি। আরেক ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, ‘ফোন ব্যবহার না করেও বিল দিতে হয়। সে জন্য সংযোগ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি।’টেলিফোন কার্যালয়ের একজন কর্মচারী নাম না প্রকাশ করার শর্তে বলেন, তিন বছর আগে পাশের সুতিয়া নদীর ওপরের সেতু ভেঙে ফেলার সময় সেতুর পাশ দিয়ে টানা তারগুলো ক্ষতিগ্রস্ত হয়। পরে সরকারি দপ্তরগুলোর ফোন সচল রাখতে সেগুলো খুঁজে খুঁজে মেরামত করা হয়। তবে অন্যগুলো মেরামত করা হয়নি।জানতে চাইলে ত্রিশাল টেলিফোন এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান ৭০ থেকে ৮০টি সংযোগ বিকল থাকার কথা স্বীকার করেন। তা ছাড়া নজরুল বিশ্ববিদ্যালয়ের ১০টি সংযোগ ভবন নির্মাণকাজের জন্য বন্ধ আছে জানিয়ে তিনি বলেন, বিকল সংযোগগুলো শিগগিরই মেরামত করা হবে।