১০০ দখলদারের বিরুদ্ধে মামলা করেছেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গোঁসাইবাড়ি হাটের সরকারি জায়গায় অবৈধভাবে ঘর তোলা ১০০ জনের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা প্রশাসন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল বুধবার এ মামলা করেন।
উপজেলা ভূমি ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, গোঁসাইবাড়ি হাটে খোলাবাজার বসানোর জন্য ১ একর ৩৯ শতক জায়গা আছে। প্রতিবছর ওই খোলা জায়গাসহ হাটটি ইজারা দেওয়া হয়। ২০০৪ সালে গোঁসাইবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান ও যুবদলের সভাপতি রাশেদুজ্জামান এবং ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি সামছুল হক হাটটির ইজারা পান। পরে তাঁদের সহযোগিতায় এলাকার ১০০ ব্যক্তি ওই জায়গা দখল করে ১৩০টি আধা পাকা ঘর তোলেন। এসব ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ ১০ ফুট ও ৭ ফুট করে। খোলা জায়গা দখল হয়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন জেলা প্রশাসন ধুনটের ইউএনওকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। ইউএনও মুহাম্মদ ইব্রাহীম গত ১৭ আগস্ট অবৈধ দখলদারদের কাছে নোটিশ পাঠান। এতে ২৭ আগস্টের মধ্যে স্বেচ্ছায় অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে বলা হয়।
কিন্তু দখলদারেরা নির্ধারিত সময়ের মধ্যে ওই নির্দেশ মানেননি; এমনকি নোটিশের কোনো জবাবও দেননি। ফলে ইউএনও ওই দখলদারদের বিরুদ্ধে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা করেন। এতে দখলদারদের উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ চাওয়া হয়।
যুবদল নেতা রাশেদুজ্জামান বলেন, নদীভাঙন এলাকার মানুষ হিসেবে ব্যবসা-বাণিজ্যের জন্য তৎকালীন ইউএনওর অনুমতি নিয়ে ঘরগুলো তৈরি করা হয়। উচ্ছেদের বিষয়ে তাঁর কাছে কোনো নোটিশ আসেনি এবং মামলার বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন রাশেদুজ্জামান।
বিএনপি নেতা সামছুল হকও একই কথা বলেন। তিনি দাবি করেন, ওই জায়গায় থাকা তাঁর ঘরগুলোর বৈধ কাগজপত্র আছে। মামলা হলে তিনি আইনিভাবে তা মোকাবিলা করবেন।
ইউএনও মুহাম্মদ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, অবৈধ দখলদারদের স্বেচ্ছায় মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তা না করায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি মামলা করেছেন। আদেশ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।