হাসপাতালের কর্মী না হলেও বিভিন্ন ওয়ার্ডে অবাধে ঘুরে বেড়ান তাঁরা। রোগী-স্বজনদের কাছে নিজেদের হাসপাতালের কর্মী হিসেবে পরিচয় দেন, হয়রানি করেন। চিকিৎসক-সেবিকারা পর্যন্ত তাঁদের দাপটে তটস্থ থাকেন। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ১০০ দালালের হাতে কার্যত জিম্মি হয়ে পড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
দালালদের দৌরাত্ম্যের কথা স্বীকার করেছেন হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান। তিনি বলেন, দালালদের দাপটে শুধু রোগী-স্বজনদের নিরাপত্তাই বিঘ্নিত হচ্ছে না, চিকিৎসকেরাও জিম্মি হয়ে পড়েছেন।
অভিযোগ রয়েছে, দালালদের সঙ্গে হাসপাতালের কয়েকজন কর্মচারীর সখ্য রয়েছে। দালাল চক্রের সঙ্গে যোগসাজশ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্প্রতি একজন ওয়ার্ড মাস্টারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক বলেন, ‘ওয়ার্ড মাস্টার মাহবুব হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমরা চেষ্টা করছি হাসপাতালকে দালালমুক্ত করতে। এ জন্য চিকিৎসক-কর্মচারীদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
হাসপাতাল সূত্র জানায়, দালালদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালের ফার্মাসিস্ট আনিছুর রহমানকে মারধর করা হয়। এ সময় দালালদের সঙ্গে কয়েকজন কর্মচারীও ছিলেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল কর্তৃপক্ষ। ওই কমিটি দালালদের উৎপাত বন্ধ ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে সাতজন কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
এরপর হাসপাতালের সাবেক পরিচালক গোলাম মোস্তফা সাতজন কর্মচারীকে (এমএলএসএস) অন্যত্র বদলির সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে গত ২২ এপ্রিল চিঠি দেন। এই সাত কর্মচারী হলেন মশিয়ার রহমান, ওমর ফারুক, আবদুল হালিম, হালিয়ার রহমান, জাহিদ হাসান, সাখাওয়াত হোসেন ও আজিজুল ইসলাম। তবে তাঁদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
দালালদের সঙ্গে সখ্য ও বিভিন্ন অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে মশিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি কথা বলতে রাজি হননি।
ওই তদন্ত কমিটির সদস্য ছিলেন চর্ম ও যৌন বিভাগের প্রধান এ কে এম নূরুন্নবী। তিনি বলেন, কতিপয় কর্মচারীর সহযোগিতায় দালালেরা রোগীদের জিম্মি করছে। এ অবস্থায় চিিকৎসক-কর্মচারীরা একজোট হয়ে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালাচ্ছেন।
এক হাজার শয্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে প্রায় দুই হাজার। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর সঙ্গে থাকেন স্বজনেরাও। তাঁরা বলেন, কারা হাসপাতালের কর্মচারী আর কারা নয়, সে পরিচয় তাঁদের পক্ষে যাচাই করা সম্ভব হয় না।
দালালদের হয়রানির শিকার নীলফামারীর শিক্ষক আলী হোসেন বলেন, তাঁর এক স্বজন গত সেপ্টেম্বর মাসে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। রোগীর জন্য কেনা ওষুধ তখন চুরি হয়েছিল। আরেক রোগীর স্বজন রফিকুল ইসলাম বলেন, হাসপাতালের কর্মচারী পরিচয়ে ওষুধ কিনে এনে দেওয়ার কথা বলে এক ব্যক্তি তিন হাজার টাকা নিয়েছিলেন। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে কর্মচারী ইউনিয়ন ১০০ দালালকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এ মাসের প্রথম সপ্তাহে হাসপাতালের পরিচালককে চিঠি দিয়েছেন। এ ছাড়া ‘দালালমুক্ত হাসপাতাল গড়ে তুলতে সবার সহযোগিতা চাই’ এমন স্লোগান-সংবলিত পোস্টার হাসপাতালের বিভিন্ন দেয়ালে লাগানো হয়েছে।
হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, দালালদের উৎপাতে রোগীদের জিনিসপত্র খোয়া যাচ্ছে। তাঁরা ভুয়া কর্মচারী পরিচয়ে হাসপাতালকে জিম্মি করে ফেলছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কর্মচারী ইউনিয়ন একজোট হয়েছে।
হাসপাতালে দালালদের তৎপরতার বিষয়ে কোতোয়ািল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, গত মে মাসে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান চালিয়ে পাঁচজন দালালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি বলেন, দালালদের উৎপাত থেকে রোগী ও স্বজনদের রেহাই দিতে হাসপাতালে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।