১০০ নকলনবিশ আট মাস ধরে টাকা পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত ১০০ জন নকলনবিশ আট মাস ধরে পারিশ্রমিকের টাকা পাচ্ছেন না। তাঁদের মধ্যে পীরগঞ্জে ৭২ জন ও বোচাগঞ্জে ২৮ জন কর্মরত আছেন।
পীরগঞ্জ ও বোচাগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রি কার্যালয়ের বালাম বইতে নিবন্ধন করা জমির দলিলের অবিকল নকল করাই নকলনবিশের মূল কাজ। বালাম বইয়ের ২০টি কলাম সমৃদ্ধ সর্বনিম্ন ৩০০ শব্দের এক পৃষ্ঠা লেখার জন্য তাঁরা ২৪ টাকা হারে পারিশ্রমিক পান।
পীরগঞ্জে নকলনবিশেরা গত বছরের জুন থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত আট মাসে গত পাঁচ বছরের প্রায় ২৬ হাজার দলিলের নকল করেছেন। এর মধ্যে ২০১০ সালে ১ হাজার, ২০১১ সালে ৮ হাজার, ২০১২ সালে ৭ হাজার, ২০১৩ সালে ৮ হাজার ও ২০১৪ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রায় ২ হাজার দলিল রয়েছে। বোচাগঞ্জে নকলনবিশেরা গত বছরের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে গত পাঁচ বছরের প্রায় ৮ হাজার ৪৬টি দলিলের নকল করেছেন।
পীরগঞ্জের নকলনবিশ সাহিনুর রহমান বলেন, ‘বাড়ি থেকে যাতায়াতে ও চা-নাশতায় প্রতিদিন ৫০-৬০ টাকা খরচ হয়। প্রতিদিন নিজের পকেটের টাকা খরচ করে দিন কাটে। আট মাস চলে যাচ্ছে, পারিশ্রমিকের টাকার কোনো খবর নেই।’ বোচাগঞ্জের নকলনবিশ সালমা খাতুন বলেন, ‘নকলনবিশের মতো অভিশপ্ত জীবন আর নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি। এরপরও মাসের শেষে পারিশ্রমিকের টাকাটাই পাই না।’
পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ের প্রধান সহকারী এস এম সাহজাহান বলেন, এখানে নকলনবিশদের দলিল লেখার পারিশ্রমিক বাবদ আট মাসের পাওনা রয়েছে ৩৪ লাখ ৯৯ হাজার ৭৬৪ টাকা। বোচাগঞ্জের প্রধান সহকারী মো. আমিনুল ইসলাম বলেন, এখানে নকলনবিশদের ছয় মাসে পাওনা রয়েছে ১১ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
পীরগঞ্জ সাব-রেজিস্ট্রার মো. মোজাহারুল ইসলাম বলেন, ‘নকলনবিশদের বকেয়া টাকা পরিশোধে ৪৫ লাখ টাকা চেয়ে গত জানুয়ারির শেষ সপ্তাহে জেলা রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধন পরিদপ্তরে চিঠি পাঠিয়েছি। এখনো কোনো সাড়া মেলেনি।’ বোচাগঞ্জ সাব-রেজিস্ট্রার মো. গোলাম মর্তুজা বলেন, ‘প্রতি মাসে জেলা রেজিস্ট্রার বরাবরে বিল পাঠাই। জেলা রেজিস্ট্রার বিলগুলো নিবন্ধন পরিদপ্তরে পাঠান। অর্থ মন্ত্রণালয়ে টাকা ছাড় হলে নকলনবিশেরা পারিশ্রমিক পাবেন।’