১০০ পরিবারের বসতভিটা বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বন্যার পর ভাঙন দেখা দিয়েছে। ১০ দিনের ব্যবধানে তিস্তা নদীর ভাঙনে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের হাজিপাড়া গ্রামের ১০০ পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে।
গত মঙ্গলবার সকাল নয়টার দিকে সরেজমিনে দেখা গেছে, হাজিপাড়া গ্রামের মফিজার রহমান তাঁর কুঁড়েঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। পাশেই আরও ১৫-১৬টি বাড়িঘর ভাঙনের মুখে রয়েছে। নদীর পানি এসে পাড়ে আছড়ে পড়ছে। মাটি চাক ধরে ফেটে রয়েছে। যেকোনো সময় নদীতে ধসে পড়বে।
মফিজার রহমান বলেন, ‘ধারকর্জ করে ঘরবাড়ি সরা লাগছে। কিছু আবাদি জমিও এবার নদীত ভাঙি গেইছে। নতুন করিয়া যে ঘর তুলমো, তারও কোনো উপায় নাই। শেষমেশ অন্য মাইনষের জায়গাত ঘর তুলছি। কোনো সাহায্য-সহযোগিতাও পাই নাই।’ এমনি করে নদীভাঙনের শিকার আরও অনেকেই তাঁদের দুর্ভোগের কথা বলেছেন।
নওশাদ মিয়ার তিনটি ও মফিজার রহমানের দুটি টিনের ও একটি খড়ের ঘর নদীভাঙন থেকে রক্ষা পেতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ঘরবাড়ি নদীভাঙনের মুখে রয়েছে গোলাম রসুলের। তিনি বলেন, ‘হামার চারটি টিনের ঘর ভাঙি নিয়া যে কোনটে যামো, তারও কোনো উপায় পাইতোছি না।’ সামসুল হুদার দুটি, জাহাঙ্গীর হোসেনের তিনটি, তোফাজ্জল হোসেনের তিনটি টিনের ঘর ভাঙনের মুখে পড়েছে। এসব পরিবার এখন বড় অসহায় হয়ে পড়েছে।
কৃষক আবদুল আউয়াল দুটি টিনের ঘর সরিয়ে নদী প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘নদী হামাকগুলাক শেষ করি ফেলাইল বাহে।’ কৃষক আবুল কাশেম তিনটি ঘর সরিয়ে অন্যের ভিটায় আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘এর আগোত আবাদি জমি গেইছে। এবার ভিটাও গেল।’
গ্রামবাসী সূত্র জানায়, ওই গ্রামের ৫০০ পরিবারের মধ্যে ১০০ পরিবার নদী ভাঙন থেকে রক্ষা পেতে তাদের বসতভিটা থেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। আবাদি জমি, বসতভিটা হারিয়ে অনেকেই সর্বস্বান্ত। তারা ঘরবাড়ি সরাতে পারলেও বসতভিটা, বাঁশঝাড়, গাছপালা, আবাদি জমি—সবই ইতিমধ্যে নদীতে চলে গেছে। নদী প্রতিরক্ষা বাঁধসহ বিভিন্ন স্থানে তারা কোনো রকমে ঠাঁই নিয়েছে।
আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন জানান, এই এলাকায় ভাঙনরোধে অবিলম্বে কাজ করা না হলে যেকোনো সময় নদী প্রতিরক্ষার মূল বাঁধ বিলীন হতে পারে।