১০০ প্রার্থীই জমা দেননি আয়কর বিবরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের ৫৪০ জন প্রার্থীর মধ্যে আয়কর বিবরণী জমা দেননি ১০০ জনের বেশি প্রার্থী। ‘একতরফা’ নির্বাচনে প্রার্থী ধরে রাখার দিকেই বেশি গুরুত্ব দিতে গিয়ে নির্বাচন কমিশন কার্যত বিষয়টি উপেক্ষা করেছে—এমন কথা বলেছেন কমিশনেরই ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।
বিধি অনুযায়ী, প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা, নির্বাচনী ব্যয়ের অর্থের সম্ভাব্য উৎস (ফরম ২০), সম্পদ ও দায় এবং বার্ষিক আয় ও ব্যয় বিবরণী (ফরম ২১) দাখিল করার কথা। এ ছাড়া আয়করদাতা হলে সর্বশেষ দাখিল করা রিটার্ন এবং কর পরিশোধের প্রমাণপত্রের কপি জমা দিতে হবে।
আয়কর বিবরণী না দেওয়ার কথা স্বীকার করেছে কয়েকজন বলেছেন, তাঁদের করযোগ্য আয়ই নেই। অনেকের দাবি, তাঁরা বিবরণী জমা দিয়েছেন। ওয়েবসাইটে না থাকা তাঁদের ত্রুটি নয়।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী আওয়ামী লীগের চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী দিদারুল আলম এবং নাটোর-১ আসনের প্রার্থী মো. আবুল কালাম ফরম ২১ এর তথ্য জমা দেননি। বিএনএফের চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী জয়নাল আবেদীন কাদেরী আয়কর বিবরণী জমা দিলেও হলফনামা, ফরম ২০ এবং ফরম ২১ এর তথ্য দেননি। টাঙ্গাইল-৮ আসনের আওয়ামী লীগের শওকত মোমেন শাজাহান ও চট্টগ্রাম-১৩ আসনের সাইফুজ্জামান চৌধুরী আয়কর বিবরণী জমা দেননি। তবে তাঁরা বিবরণী জমা দিয়েছেন বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন। ওয়েবসাইট অনুযায়ী চট্টগ্রাম-৬ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী এ বি এম ফজলে করিম চৌধুরীও আয়কর বিবরণী দেননি।
ওয়েবসাইটে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের প্রার্থী এম আবদুল লতিফের আয়কর বিবরণীর তথ্য পাওয়া যায়নি। তবে টেলিফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী সবকিছু জমা দিয়েছি। আমার কাছে তার ফাইলও আছে।’
নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার রফিকুল হক বলেন, প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে যেসব তথ্য জমা দিয়েছেন, সেগুলোই ওয়েবসাইটে আছে।
নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ছবি বিশ্বাস আয়কর বিবরণী জমা দেননি। হলফনামায় ছবি বিশ্বাস বলেছেন, তিনি পেশায় কৃষিজীবী এবং এ খাত থেকে তাঁর বার্ষিক আয় দেড় লাখের কিছু বেশি। তিনি টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘কর দেওয়ার মতো আমার কোনো আয় নেই। তাই বিবরণী জমা দিইনি।’
নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২২ জন প্রার্থীর মধ্যে ১৩ জনই আয়কর বিবরণী জমা দেননি। তাঁরা আয়করের আওতাতেই আসেননি বলে দাবি করেন এই প্রতিবেদকের কাছে। আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছেন।
কমিশনের ওয়েবসাইট অনুযায়ী জাতীয় পার্টির ১৬ জন এবং জাতীয় পার্টির (জেপি) ১২ জন প্রার্থী আয়কর বিবরণী জমা দেননি। জাসদের নয়জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আটজন ও স্বতন্ত্র প্রার্থীর ২৭ জনের আয়কর বিবরণী নেই।