১০০ বছরের পুরোনো নিয়োগপত্র হস্তান্তর
বাংলাদেশে পুলিশ একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার বছর ১৯১২ সালে সাব-ইন্সপেক্টর (উপপরিদর্শক) পদে নিয়োগ পেয়েছিলেন সিলেটের বিয়ানীবাজারের মোজাহিদ আলী চৌধুরী। পুলিশ একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মেজর এইচ চেমনির সই করা প্রায় ১০০ বছর আগে পুলিশে যোগদান করার নিয়োগপত্রটি (অবিকল কপি) গতকাল বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর নাতি সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এটি জমা দেন।পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, প্রশিক্ষিত পুলিশ বাহিনী গড়ে তুলতে রাজশাহীর চারাঘাট উপজেলায় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল পুলিশ একাডেমি। ১৯১২ সালে পদ্মা নদীর তীরে আমবাগানের একটি জায়গায় মেজর এইচ চেমনি এটি প্রতিষ্ঠা এবং এর অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। একাডেমি প্রতিষ্ঠার ১০০ বছর বরণে শতবর্ষের নানা রকম তথ্য-উপাত্ত সংগ্রহের প্রস্তুতির সময় পুরোনো নিয়োগপত্রটি দান করা হয়।এমাদ উল্লাহ শহিদুল ইসলাম জানান, তাঁর দাদা মোজাহিদ আলী চৌধুরী ১৯১২ সালের ৯ ডিসেম্বরে ওই পদে নিয়োগ পান। ১৯৭০ সালের ২৫ ডিসেম্বর তিনি গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মারা যান। এরপর থেকে নিয়োগপত্রটি শহিদুল ইসলামের কাছে সংরক্ষিত ছিল। সম্প্রতি পুলিশ একাডেমির ১০০ বছর উদ্যাপনের প্রস্তুতির খবর পেয়ে তিনি নিয়োগপত্রটি সেখানে হস্তান্তর করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘একাডেমির প্রতিষ্ঠাতা মেজর চেমনির সই করা এ কপিটি অন্যতম একটি সংগ্রহ হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি।’পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিয়োগপত্রটি গ্রহণ করে তা পুলিশ একাডেমির শত বছর উদ্যাপন কমিটির কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।