১০০ বিঘার বেশি জমির মালিকদের তালিকা করার সুপারিশ
ব্যক্তিমালিকানায় ১০০ বিঘার বেশি ভূসম্পত্তি রাখা যাবে না বলে যে আইন আছে, তা কার্যকর করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য কমিটি ভূমি মন্ত্রণালয়কে আগামী ছয় মাসের মধ্যে ১০০ বিঘার বেশি ভূসম্পত্তির মালিকদের তালিকা করার অনুরোধ করেছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০; রাষ্ট্রপতির আদেশ (প্রেসিডেনশিয়াল অর্ডার), ১৯৭২ এবং ভূমি সংস্কার অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী দেশের কোনো নাগরিকের ১০০ বিঘার বেশি ভূসম্পত্তি থাকতে পারবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ বিঘা কৃষি জমি ও ৪০ বিঘা অকৃষি জমির মালিক হতে পারবেন। কেউ এর বেশি ভূসম্পত্তির মালিক হলে সরকার তার বাড়তি জমি অধিগ্রহণ করতে পারবে এবং তা সরকারের খাসজমি হিসেবে বিবেচিত হবে। কিন্তু দীর্ঘদিনের এই আইনটি কখনোই যথাযথভাবে প্রয়োগ করা হয়নি।এই আইন কার্যকর হলে সামাজিক বৈষম্য কমে আসবে বলে মনে করে সংসদীয় কমিটি। মোজাম্মেল হক বলেন, কমিটি আগামী ছয় মাসের মধ্যে বাড়তি জমির মালিকদের একটি তালিকা তৈরির জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। এ ক্ষেত্রে যাঁরা বেশি জমির মালিক, তাঁরা নিজেদের পছন্দমতো জায়গা থেকেই ১০০ বিঘা জমি রাখতে পারবেন। বাকি জমি সরকারকে দিয়ে দিতে হবে।মোজাম্মেল হক বলেন, আবাসন প্রকল্পের নামে অনেক এলাকার নিচু জমি ভরাট করা হচ্ছে। নিচু জমি ভরাট বন্ধে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে বলা হয়েছে।এ ছাড়া কমিটি বিভিন্ন এলাকায় দখল হয়ে যাওয়া খাল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে। কমিটির সভাপতি জানান, মন্ত্রণালয় থেকে আগামী তিন মাসের মধ্যে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। কারণ এ কাজ মহাজোট সরকারের মেয়াদেই শেষ করতে হবে। মোজাম্মেল হক আরও জানান, ঢাকা মহানগরের ৪৩টি খালের জমি বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড হয়েছে বলে কমিটি প্রমাণ পেয়েছে। এর সঙ্গে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে গতকাল একটি উপকমিটি গঠন করা হয়েছে।