১০০ মিটার জলাবদ্ধতায় ১০ হাজার বাসিন্দার ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের ভেলানগর-পলাশ আঞ্চলিক সড়কের চিনিশপুর এলাকায় ১০০ মিটার জায়গায় সারা বছরই জলাবদ্ধতা লেগে থাকে। এতে ওই এলাকার প্রায় ১০ হাজার বাসিন্দা ভোগান্তির শিকার হচ্ছে। এই অংশটুকু নরসিংদী পৌরসভা ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের সীমানা হওয়ায় কেউ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ব্যক্তিদের।
সরেজমিনে গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা মোড় থেকে পলাশ সড়কের শুরুতেই জলাবদ্ধতা। সড়কের পাশে পয়োনিষ্কাশনের ছোট ড্রেন রয়েছে। যার কিছু অংশে ঢাকনা না থাকায় বৃষ্টির পানির সঙ্গে ময়লা পানি মিশে গেছে। এ ছাড়া সড়কে ছোট-বড় খানাখন্দ থাকায় সিএনজি, প্রাইভেট কার, অটোরিকশা ও রিকশা চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার ওই অংশে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রীনিবাস ও গ্রিনহিল ল্যাবরেটরি স্কুল হওয়ায় শিক্ষার্থীদেরও এই ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিনিশপুর এলাকায় প্রায় ১০ হাজার লোকের বাস। এই এলাকা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় গত কয়েক বছরে অপরিকল্পিতভাবে বড় বড় স্থাপনা তৈরি হয়েছে। আর এসব স্থাপনার পানিনিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় ভেলানগর-পলাশ সড়কের শুরুতে ১০০ মিটার নিচু অংশে বছরের প্রায় সময় লেগে থাকে জলাবদ্ধতা। সম্প্রতি টানা কয়েক দিনের বৃষ্টিতে এ দুর্ভোগ বেড়ে গেছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকে এই জলাবদ্ধতা ও জনদুর্ভোগের বিষয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে বৈঠকের সভাপতি জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকার প্রকৌশলীকে নির্দেশ দেন।
চিনিশপুর এলাকার বাসিন্দা আবু তাহের বলেন, সড়কের পাশে যে ড্রেন ছিল, তার একটিতেও ঢাকনা ছিল না। এ ছাড়া মহাসড়ক থেকে এলাকাটি তুলনামূলক নিচু হওয়ায় এবং পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এই ১০০ মিটার অংশে সব সময় জলাবদ্ধতা লেগে থাকে।
গ্রিনহিল ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোশাররফ হোসেন বলেন, ‘বিদ্যালয়ের ফটকের সামনে জলাবদ্ধতার কারণে শিশুশিক্ষার্থীরা আসতেই পারছে না। বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ওপরের শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস টেস্ট শুরু করেছি। বাচ্চাদের ক্লাস আপাতত বন্ধ।’
স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ এস এম কবীর বলেন, ‘আমি যত দূর জানি, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ২০০ মিটার পৌরসভার আওতায়। খোঁজ নিয়ে দেখি, যদি আমাদের এলজিইডির আওতায় থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পৌর মেয়র কামরুজ্জামান বলেন, জলাবদ্ধতার অংশের সড়কটুকু এলজিইডির আওতায়। ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত পৌরসভার সীমানা। তাই এলজিইডিই এই অংশটুকু মেরামত করবেন।