১০০ মিটার রাস্তার অভাবে ঘুরতে হয় তিন কিলোমিটার
ফরিদপুর সদর উপজেলার কলাবাগান এলাকায় ১০০ মিটার রাস্তা নির্মিত না হওয়ায় ১০ গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। রাস্তা না থাকায় তাঁদের তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের মুজিব সড়কের ফরিদপুর কলেজ মোড় থেকে রঘুনন্দনপুর বাজারের দিকে একটি সড়ক চলে গেছে। ওই সড়কের কলাবাগান এলাকার একটি সেতুর উত্তর পাশ থেকে রঘুনন্দনপুর বাজার পর্যন্ত ১০০ মিটারে কোনো রাস্তা নেই।
কলাবাগান এলাকার রিকশাচালক কামাল মিয়া জানান, শুষ্ক মৌসুমে সেতুর পাশে খালপাড়ের নিচু জমির ওপর দিয়ে হেঁটে তাঁদের রঘুনন্দনপুর বাজারে যেতে হয়। আর বর্ষাকালে ওই স্থানে পানি থাকায় বাঁশের সাঁকো নির্মাণ করে তার ওপর দিয়ে চলাচল করতে হয়। অথচ এই ১০০ মিটার রাস্তা নির্মাণ করা হলে রঘুনন্দনপুর বাজার, শোভারামপুর, ভাষানচরসহ ১০ গ্রামের পাঁচ হাজার মানুষ উপকৃত হতো।
কলাবাগান এলাকার লিপি বেগম জানান, ওই স্থানে রাস্তা না থাকায় শহরের মুসলিম মিশন বা কবিরের মোড় হয়ে প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে তাঁদের বিদ্যালয়, কলেজ, বাজার, বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন স্থানে যেতে হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী খন্দকার আবদুল্লাহ আদদাদ জানান, তিনি সরেজমিন পরিদর্শন করে ওই ১০০ মিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেবেন।