১০০ মিটার সেতুর কাজ শেষ হয়নি ১১ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার চড়া খালের ওপর প্রায় ১০০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ ১১ বছরেও শেষ হয়নি। এ কারণে এলাকার পাঁচ লাখের বেশি মানুষকে প্রায় পাঁচ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয়।খুলনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, দাকোপ উপজেলা সদরের সঙ্গে প্রত্যন্ত চাঁদপাড়া, পশ্চিম বাজুয়া ও হরিণটানার ইউনিয়নের যোগাযোগ সহজ করতে চড়া খালের ওপর ৯৩ দশমিক ৪৯ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা উন্নয়ন প্রকল্পের মেয়াদে ২০০১ সালে ৫৫ লাখ ৪৫ হাজার ২৭৬ টাকা ব্যয়ে লোহার সেতুর নির্মাণকাজ শুরু করা হয়। কাজটি পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন অ্যান্ড কোম্পানি। ওই বছরের ১২ ডিসেম্বর কাজটি শেষ করার কথা। কিন্তু ২০০৬ সাল পর্যন্ত ঠিকাদার মাত্র অর্ধেক কাজ শেষ করেন। একই বছর এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। ‘উপজেলা ও ইউনিয়ন সড়কে সেতু নির্মাণ প্রকল্প’ নামে নতুন একটি প্রকল্প করা হয়। এ প্রকল্পে লোহার পরিবর্তে ঢালাই করা সেতু নির্মাণ করার সিদ্ধান্ত হয়। এতে ব্যয় ধরা হয় দুই কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকা। ২০০৯ সালে এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আলম কনস্ট্রাকশন ২০০৯ সালের ২৩ জুলাই কার্যাদেশ পায়। ২০১০ সালের ২০ আগস্ট কাজটি শেষ হওয়ার কথা। কিন্তু কাজটি এখনো শেষ হয়নি।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, খালের মধ্যে ছয়টি স্তম্ভের (পিলার) মাত্র দুটি করে রাখা হয়েছে। একজন কর্মচারী পিলারে পানি দিচ্ছেন। এলাকার লোকজন নৌকায় পারাপার হচ্ছে। দাকোপের ব্যবসায়ী মো. আনছার বলেন, ‘এ সেতুটি অবহেলিত দাকোপের প্রায় পাঁচ লাখ মানুষের স্বপ্ন। কিন্তু সেতুর নির্মাণকাজ শেষ করা হচ্ছে না। মাত্র ১০০ মিটারের জন্য যানবাহন নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।’ একই ধরনের কথা বলেন চাঁদপাড়া গ্রামের রহিম শেখসহ কয়েকজন।ঠিকাদার আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘এ বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’খুলনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘সেতুর পিলার নির্মাণের কাজ প্রায় শেষ। এখন দ্রুত কাজ শেষ হয়ে যাবে।’