১০০ মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ ও সনদ বাতিল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের সনদ যাচাই-প্রক্রিয়ায় যথাযথ কাগজপত্র না থাকায় সিরাজগঞ্জের সদর ও উল্লাপাড়া উপজেলার সুবিধাভোগী ১০০ মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ ও সনদ বাতিলের জন্য তালিকা করা হয়েছে। সরকারিভাবে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি এই তালিকা প্রস্তুত করেছে।
তালিকায় উল্লাপাড়া উপজেলার ১১ জনের ভাতা বন্ধ ও সনদপত্র বাতিলের সুপারিশ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর সদর উপজেলার ৮৯ জনের তালিকা শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে।
মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিট কমান্ড সূত্র জানায়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সমাজসেবা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ২০ অক্টোবর যাচাই-বাছাই সম্পন্ন করেছে। সদর উপজেলার তালিকায় ৯০০ মুক্তিযোদ্ধার নাম থাকলেও মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট অনুযায়ী ৬৭১ জনের নাম রয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই কমিটি ৮৯ জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁদের ভাতা বন্ধ ও সনদ বাতিল করার তালিকা করেছে।
মুক্তিযোদ্ধা সংসদ উল্লাপাড়া উপজেলা কমান্ডের কমান্ডার গাজী খোরশেদ আলম বলেন, উল্লাপাড়া উপজেলায় ৪১০ জন মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং তাঁদের বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে কোনো তথ্য না থাকায় ১১ জনের তালিকা করে তাঁদের ভাতা বন্ধ ও সনদপত্র বাতিলের সুপারিশ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অবৈধ পন্থায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সনদ সংগ্রহ করে তাঁরা ভাতা উত্তোলন করছেন।
জেলা ইউনিট কমান্ডের সাংগঠনিক কমান্ডার গাজী খ ম আখতার হোসেন বলেন, সিরাজগঞ্জ সদরের ভাতা পাওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন। এঁরা বিভিন্ন সময়ে তদবিরের মাধ্যমে তালিকাভুক্ত হয়ে ভাতা উত্তোলন করছেন। মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী একজন প্রকৃত মুক্তিযোদ্ধার ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখ পর্যন্ত তাঁর বয়স সর্বনিম্ন ১৩ বছর হতে হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ইস্যু করা প্রশিক্ষণ সনদের গেজেট নম্বর এবং মুক্তিযোদ্ধা নম্বর থাকা বাধ্যতামূলক। এই চারটি বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা ইউনিট কমান্ডের কমান্ডার গাজী সফিকুল ইসলাম বলেন, সদরের ৮৯ জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁদের তালিকা প্রস্তুত করা হয়েছে। যদি বাদ পড়া কেউ কাগজপত্র দাখিল করতে পারেন, তাঁদের অন্তর্ভুক্ত করা হবে। কাগজপত্র জমা দিতে না পারলে বাতিলের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজং চাম্বুগং বলেন, যাচাই-বাছাইয়ের কাজ প্রায় শেষ করা হয়েছে। চূড়ান্ত হওয়ার পর দু-এক দিনের মধ্যেই তালিকাটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।