১০০ শয্যার হাসপাতালে দুই চিকিৎসক
তীব্র শীতে ভোলা সদর হাসপাতালে ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসে শ্বাসকষ্টজনিত কারণে আটটি শিশু মারা গেছে। রোগীদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকেরা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। গত রোববার ১০০ শয্যার এ হাসপাতালে কর্মরত সাতজন চিকিৎসকের জায়গায় দায়িত্ব পালন করেছেন মাত্র দুজন। বাকি পাঁচজনের মধ্যে শুধু একজন ছুটিতে আছেন।রোববার সরেজমিনে দেখা গেছে, চিকিৎসা কর্মকর্তা মহিবুল্যাহ জরুরি বিভাগে রোগী দেখছেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফ আহমেদ ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। তিনি বেলা দেড়টার দিকে বাসায় চলে যান। হাসপাতালের জানালার কাচ ভাঙা। শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য রোগীর স্বজনেরা জানালায় কাগজ ও কাপড় টাঙিয়ে রেখেছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফ আহাম্মেদ ও সিভিল সার্জন আতোয়ার রহমান প্রথম আলোকে বলেন, ভোলায় চিকিৎসকসংকট চরম আকার ধারণ করেছে। রোববার তিনজন চিকিৎসক দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন তাঁরা। তাঁরা জানান, শিশুবিশেষজ্ঞ আবদুল কাদের ছুটিতে আছেন। বাকি তিনজন বাইরে গেছেন।ভোলা সদর হাসপাতালে চিকিৎকের ২২টি পদের মধ্যে ১৩টি শূন্য। আবদুল কাদের দেড় মাস ধরে ছুটিতে আছেন। অন্য বিভাগগুলোয় রয়েছে জনবলস্বল্পতা। ভোলা কালীবাড়ি রোডের বাসিন্দা ও নাগরিক সমাজের সদস্যসচিব এস এম বাহাউদ্দিন অভিযোগ করেন, অবেদনবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকসংকটে হাসপাতালে কোনো অস্ত্রোপচার হচ্ছে না; হচ্ছে না পরীক্ষা-নিরীক্ষা।