১০০ শয্যার হাসপাতালে ৫০-এর জনবলও নেই
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ১০০ শয্যার এই হাসপাতাল কাগজে-কলমে চলছে ৫০ শয্যার জনবলে। অথচ এখানে ৫০ শয্যার অনুপাতেও চিকিৎসক নেই। এ কারণে সচ্ছল রোগীরা বিভিন্ন ক্লিনিক, ফরিদপুর বা ঢাকায় গিয়ে চিকিৎসাসেবা নিতে পারলেও গরিব রোগীরা কষ্ট পাচ্ছে।হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালে স্থাপিত এই হাসপাতাল ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। অথচ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী রয়েছে ৫০ শয্যারই। ১০০ শয্যার জন্য অতিরিক্ত যে জনবল প্রয়োজন, তার পদই সৃষ্টি করা হয়নি। এখানে চিকিৎসকের ১৮টি পদের মধ্যে সাতটিই শূন্য। এ ছাড়া জরুরি বিভাগে অন্তত চারজন চিকিৎসকের প্রয়োজন হলেও এখানে চিকিৎসকের কোনো পদই সৃষ্টি করা হয়নি। বহির্বিভাগের চিকিৎসকদের দিয়ে জরুরি বিভাগে সেবা দেওয়া হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে সিনিয়র কনসালট্যান্টের (সার্জারি) পদ আট বছর এবং জুনিয়র কনসালট্যান্ট (অবেদনবিদ) ও জুনিয়র কনসালট্যান্টের (রেডিওলজি) পদ পাঁচ বছর ধরে শূন্য। সিনিয়র কনসালট্যান্টের (শিশু) পদ প্রায় দুই বছর ও রেডিওলজিস্টের পদ প্রায় এক বছর ধরে শূন্য।হাসপাতাল এলাকার পৌর কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন বলেন, যাদের আর্থিক সচ্ছলতা আছে, তারা ক্লিনিক ও ঢাকায় গিয়ে চিকিৎসা করাচ্ছে। অনেকে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে।সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবজাল হোসেন বলেন, ‘নানা সীমাবদ্ধতা ও লোকবলের স্বল্পতা সত্ত্বেও আমি নিজের দায়িত্বসহ অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছি। কনসালট্যান্টের শূন্য পদ ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা পদে লোক নিয়োগ দেওয়া জরুরি। এ ছাড়া ১০০ শয্যার অবকাঠামো নির্মাণকাজ দ্রুত শেষ করা দরকার; সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর পদ সৃষ্টি করা প্রয়োজন।’সিভিল সার্জন নুরুল আমিন বলেন, ‘চিকিৎসক ও জনবলসংকটের বিষয় প্রতিমাসেই স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভাগীয় কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাচ্ছি।’