১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১০০ জন শিক্ষার্থীকে গতকাল রোববার ল্যাপটপ প্রদান করা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জনগণ যখন কোনো রূপকল্প ধারণ করে তখন এটি অবশ্যই সফল হয়। কারও স্বপ্ন যেন অপূর্ণ না থাকে সেই চেষ্টা করে যেতে হবে। শুধু চাকরি করা নয়, চাকরি দেওয়ার কাজও করতে হবে। উদ্ভাবনী কাজে সরকারের তহবিলের অভাব নেই। ল্যাপটপ দিয়ে বিশ্বজয় করা কোনো উদ্ভাবন উপহার দেওয়ার জন্য তিনি ছাত্রছাত্রীদের অনুরোধ জানান। ল্যাপটপ প্রদানে সহোযোগিতায় ছিল এক্সিম ব্যাংক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার কৌশল বিভাগের প্রধান মোহাম্মদ মশিউল হক। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন চুয়েটের সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, ইনফো-সরকারের প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম ও এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মঈন উদ্দিন। প্রতিমন্ত্রী পরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগে নেটওয়ার্কিং ও যোগাযোগ গবেষণাগার উদ্বোধন করেন।