১০০ হিমাগারে আলুর সংকট
রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি মৌসুমে উত্তরাঞ্চলের জেলাগুলোতে আলুর বাজারে চরম মন্দাভাব চলছে। পাশাপাশি গত মৌসুমের চেয়ে বস্তাপ্রতি গড়ে ১০০ টাকা হারে সংরক্ষণভাড়া বাড়িয়ে দেওয়ায় হিমাগারে আলু সংরক্ষণে আগ্রহ নেই কৃষক ও ব্যবসায়ীদের। এতে ১৬ জেলার প্রায় ১০০ হিমাগার আলু-সংকটে পড়েছে।বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ার পাশাপাশি বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। শিল্পনীতিতে হিমাগারকে কৃষিশিল্প হিসেবে গণ্য করা হলেও বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে না। উল্টো এ শিল্পে নেওয়া ব্যাংকঋণের সুদ ৮ শতাংশ থেকে বাড়িয়ে হিমাগার মালিকদের ওপর ১৬ শতাংশ সুদের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এ কারণে ভাড়া বাড়াতে হয়েছে। এতে দেশের ৪০০ হিমাগার চরম সংকটের মুখে পড়েছে।জসিম উদ্দিন আরও বলেন, বাড়তি ভাড়ার পাশাপাশি গত ছয় মাসে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় যোগাযোগব্যবস্থা স্থবির। গড়ে প্রতিবছর দুই লাখ মেট্রিক টন আলু শুধু বিদেশে রপ্তানি হয়। এবার হরতালের কারণে সেটা প্রায় বন্ধ। মোকামগুলোতে আলু নিতে পারছেন না ব্যবসায়ীরা। এ কারণে বাজারে আলুর চাহিদা নেই। চাহিদা না থাকায় দামও নেই। আর দাম না থাকায় লোকসানের আশঙ্কায় হিমাগারে আলু সংরক্ষণে আগ্রহ নেই কৃষক ও ব্যবসায়ীদের।জানা গেছে, বগুড়া অঞ্চলে (জয়পুরহাটসহ) ৪৭টি হিমাগারের বেশির ভাগই এবার আলু-সংকটে পড়েছে। গত বছর এ অঞ্চলের হিমাগারগুলোতে এক বস্তা (৮৪ কেজি) আলুর ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণের ভাড়া ছিল ২২০ থেকে ২৫০ টাকা। এবার তা বাড়িয়ে ৩২০ থেকে ৩৬০ টাকা করা হয়েছে। অন্যদিকে গত বছর এ সময় প্রতি মণ গ্র্যানুলা আলু ২৮০ থেকে ৩০০ এবং দেশি গোল আলু ৪৫০-৪৮০ টাকা বাজারমূল্য ছিল। এবার ওই আলুর দাম যথাক্রমে ১৬০ ও ৩৬০ টাকা।বগুড়া জেলায় শাহ সুলতান গ্রুপের চারটি হিমাগারের ধারণক্ষমতা প্রায় আট লাখ মেট্রিক টন। এর মধ্যে চারটির বেশির ভাগ জায়গা খালি পড়ে আছে। শাহ সুলতান গ্রুপের চেয়ারম্যান আবদুল গফুর জানান, চার হিমাগারে এবার প্রায় দেড় লাখ বস্তা আলুর সংকট রয়েছে। তিনি বলেন, হরতালের মতো চলমান রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে হিমাগার ব্যবসায়ীদের এবার থালা নিয়ে পথে বসতে হবে। কারণ, হিমাগার খালি থাকলেও ঘাড়ে এবার অতিরিক্ত বিদ্যুৎ বিল, ডিজেলের বাড়তি মূল্য খরচ এবং ব্যাংকঋণের বোঝা চেপে বসায় মালিকদের হাঁসফাঁস অবস্থা।বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এন বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, আলুর বাম্পার ফলন হওয়ার পরও হরতালের মতো রাজনৈতিক অস্থিরতার কারণে এবার উৎপাদন মৌসুমে কৃষকেরা কাঙ্ক্ষিত দাম পাননি। এখনো অনেক কৃষকের ঘরে আলু রয়েছে। মন্দা বাজারের কারণে তাঁরা হিমাগারে আলু সংরক্ষণে উৎসাহ পাচ্ছেন না।জসিম উদ্দিন বলেন, লোকসানের মুখে ইতিমধ্যেই বেশ কিছু হিমাগার বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে আরও হিমাগার বন্ধ হয়ে যাবে। হিমাগারশিল্প ও কৃষককে বাঁচাতে রাজনৈতিক সংকট উত্তরণের পাশাপাশি আলুর বহুমুখী ব্যবহার বাড়াতে সরকারি উদ্যোগ খুবই জরুরি হয়ে পড়েছে। কারণ, বাজারে আলুর মতো বিষমুক্ত ও ফরমালিনমুক্ত নিরাপদ খাবার বা সবজি আর দ্বিতীয়টি নেই।