১০০টি গণশৌচাগার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গণমানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আগামী বছরের মধ্যে নগরে নতুন অত্যাধুনিক ১০০টি গণশৌচাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। একই সঙ্গে যাত্রীসেবা নিশ্চিত করতে ঢাকায় নতুন করে আরও দুই হাজার বাস নামানোর ঘোষণা দেন।
গতকাল বুধবার সকালে বনানীর টিঅ্যান্ডটি গোডাউন বস্তিতে এক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র এ কথা জানান।
মেয়র বলেন, ঢাকায় প্রতিদিন নানা কাজে লোকজনকে বাইরে বের হতে হয়। কিন্তু পর্যাপ্ত শৌচাগার না থাকায় চলার পথে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে নারীদের। এ সমস্যা থেকে উত্তরণে আগামী বছরে ১০০টি নতুন শৌচাগার বানানো হবে।
আনিসুল হক বলেন, সিটি করপোরেশনের মাধ্যমে ব্যাংক থেকে বাস মালিকদের ঋণের ব্যবস্থা করে দিলে বাস মালিকেরা রাজধানীর দেড় শতাধিক বাস কোম্পানিকে কমিয়ে পাঁচ থেকে সাতটিতে নামিয়ে আনবেন বলে আশ্বস্ত করেছেন। এরপর দুই হাজার নতুন গাড়ি নামানো হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে।
ডিএনসিসির যেসব এলাকায় বিদেশি নাগরিক থাকেন সেখানকার নিরাপত্তা জোরদার করার জন্য ওই সব এলাকাকে আগামী বছরের জুনের মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে মেয়র জানান।